আইপিএল ২০২৩, ম্যাচ ৫৩: কেকেআর বনাম পিবিকেএস, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
ডেভিড ভিসাকে একাদশে ফেরত আনা হতে পারে
আপডেট করা - May 7, 2023 5:03 pm

আইপিএল ২০২৩-এ তাদের দশম ম্যাচে ৫ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে কেকেআর। ৮ই মে, সোমবার, চলমান মরসুমের ৫৩তম ম্যাচে কেকেআর তাদের আসন্ন ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে।
দুই দলের মধ্যে আগের ম্যাচে কেকেআর ডিএলএস মেথডে ৭ রানে পিছিয়ে পড়েছিল, যখন বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত করতে হয়েছিল। পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকা শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
আগের ম্যাচে রহমানউল্লাহ্ গুরবাজ ডাকে আউট হলেও আসন্ন ম্যাচে তাঁকে আবার ওপেনার হিসেবে দেখা যাবে। উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করবেন তিনি। গুরবাজের সঙ্গে ওপেনার হিসেবে নামবেন জেসন রয়। আইপিএলের শুরু থেকে না খেললেও, কেকেআরের একাদশে সুযোগ পাওয়ার পর থেকে রয় ধারাবাহিকভাবে রান করছেন।
সুনীল নারিনকে বাদ দিতে পারে কেকেআর
তিনে নেমে ভেঙ্কটেশ আইয়ার বিশেষ রান পাচ্ছেন না এবং অধিনায়ক নীতীশ রানা ভালো ফর্মে থাকায়, নীতীশ ব্যাটিং ক্রমে উপরের দিকে এসে চারের জায়গায় তিনে নামতে পারেন। মাঝের ওভারে পাঞ্জাব সাধারণত স্পিনার দিয়ে আক্রমণ করবে এবং সেই আক্রমণ সামলানোর জন্য আন্দ্রে রাসেলকে চারে নামানো হতে পারে।
পাঁচ নম্বরে ভেঙ্কটেশ আইয়ারকে নামানো হতে পারে। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং মুগ্ধ করেই চলেছেন এবং গত ম্যাচে ৩৫ বলে ৪৬ রান করেছিলেন। ছয় নম্বরে রিঙ্কুকে দেখা যেতে পারে। ডেভিড ভিসাকে একাদশে ফেরত আনা হতে পারে এবং তিনি সাত নম্বরে ব্যাটিং করতে পারেন। সেক্ষেত্রে বাদ যেতে পারেন সুনীল নারিন।
আটে আসার সম্ভাবনা রয়েছে শার্দূল ঠাকুরের। স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন অনুকূল রায়। হার্ষিত রানা আগের ম্যাচে পাওয়ারপ্লেতে ভালো বোলিং করেছিলেন এবং একাদশে তাঁর স্থান ধরে রাখতে পারেন। বৈভব আরোরাকে বাদ দিয়ে সুয়াশ শর্মাকে ফেরত আনা হতে পারে একাদশে। এ ছাড়া গত ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী খেলবেন।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, ডেভিড ভিসা, শার্দূল ঠাকুর, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, অনুকূল রায়, হার্ষিত রানা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।