জিটির বিরুদ্ধে আরআরের লজ্জাজনক পরাজয় নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া
আপডেট করা - May 6, 2023 5:12 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৮ তম ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসকে (আরআর) ৯ উইকেটে পরাজিত করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি)। এই মরসুমে এটি ছিল আরআরের পঞ্চম পরাজয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্যামসন। ব্যাটিং বিপর্যয়ের জেরে ১৭.৫ ওভারে ১০ উইকেটে ১১৮ রান করতে সক্ষম হয়েছিল রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে নেমে খুব সহজেই এই ম্যাচটি জিতে নিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। ৬.১ ওভার বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে ১১৯ রানে পৌঁছে গিয়েছিল জিটি। ঋদ্ধিমান সাহা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া যথাক্রমে ৩৪ বলে ৪১ রান এবং ১৫ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের এই লজ্জাজনক পরাজয় নিয়ে মুখ খুলেছেন। তার মতে এই ম্যাচটি খুবই বিরক্তিকর ছিল।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “এটা ছিল খুবই বিরক্তিকর একটা ম্যাচ। রাজস্থান কি করল বুঝতেই পারলাম না। রাজস্থান ভেঙে পড়েছে। তারা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা কি ব্যাটিং করেছে? রাজস্থান মাত্র ১১৮ রান করতে পেরেছিল। ব্যাটিং খুবই সাধারণ ছিল। সঞ্জু কিছুটা (স্যামসন) রান পেয়েছিলেন, কিন্তু ম্যাচটি একেবারে একতরফাভাবে চলছিল। যখন তারা বোলিং করতে এসেছিল, তারা প্রথম ছয় ওভারে একটিও উইকেট নিতে পারেনি।”
“এই ম্যাচটি আমার বোঝার বাইরে ছিল” – আকাশ চোপড়া
স্পিনারদের ঠিকঠাক মতো কাজে না লাগানোর জন্য রাজস্থান রয়্যালসের তীব্র সমালোচনা করলেন আকাশ চোপড়া। তিনি বলেছেন যে এই ম্যাচটি তার বোঝার বাইরে ছিল।
আকাশ চোপড়া বলেন, “স্পিন আপনাদের সমস্যায় ফেলেছিল, কিন্তু আপনি প্রথম ছয় ওভারে স্পিনারদের দিয়ে এক ওভারও বোলিং করাননি। আপনি ১২তম বা ১৩তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে বল দিয়েছিলেন। আমি জানি না তারা কি করতে চাইছিল। এই ম্যাচটি আমার বোঝার বাইরে ছিল।”
রাজস্থান রয়্যালস এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তারা এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল +০.৪৪৮। ৭ই মে, রবিবার, সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে সঞ্জু স্যামসনের দল। এই ম্যাচে তারা অবশ্যই জয়ে ফিরতে চাইবে।