ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন ডিসির অভিজ্ঞ পেসার আনরিখ নোকিয়া

Anrich Nortje
Anrich Nortje. ( Photo Source: IPL/BCCI )

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। তারা এখনও অবধি ৯টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.৭৬৮। ডিসি পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।

চলতি আইপিএলে এই খারাপ পরিস্থিতির মধ্যে একটি বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। তাদের দলের অভিজ্ঞ পেসার আনরিখ নোখিয়া ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তিনি কবে ফিরবেন সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আনরিখ নোখিয়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, “ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার আনরিখ নোখিয়াকে শুক্রবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। আজ সন্ধ্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি অনুপলব্ধ থাকবেন।”

আইপিএলের ১৬ তম সংস্করণে আনরিখ নোখিয়া এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন এবং ৭টি উইকেট নিয়েছেন। এই মরসুমে তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/২০।

নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস

৬ই মে, শনিবার, নিজেদের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। এই মরসুমে আরসিবি এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.০৩০। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফাফ ডু প্লেসিসের দল।

আগের ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে একটি অসাধারণ জয় পেয়েছে। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করেছিল ডিসি। রান তাড়া করতে নেমে ডিসির দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করতে সক্ষম হয়েছিল গত মরসুমের চ্যাম্পিয়নরা। ডিসির প্রতিভাবান ব্যাটার আমান হাকিম খান সেই ম্যাচে ৪৪ বলে ৫১ রানের খুব গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আগের ম্যাচে একটি দুর্দান্ত জয় পেয়েছে। একটি লো-স্কোরিং ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ১৮ রানে পরাজিত করেছিল ফাফ ডু প্লেসিসের দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp