কেএল রাহুলের বদলি হিসেবে করুণ নায়ারকে নিল লখনউ সুপার জায়ান্টস

আইপিএলে ৭৬ ম্যাচ খেলে ১৪৯৬ রান করেছেন করুণ নায়ার

Karun Nair
Karun Nair. (Photo Source: Twitter)

শুক্রবার, ৫ই মে, লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর অধিনায়ক কেএল রাহুল নিশ্চিত করেছিলেন যে তিনি আইপিএল ২০২৩-এর বাকি অংশে খেলতে পারবেন না এবং ৭ই জুন থেকে লন্ডনের দ্য ওভালে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি এলএসজি রাহুলের পরিবর্ত হিসেবে বেছে নিয়েছে করুণ নায়ারকে।

“লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর বাকি অংশের জন্য আহত কেএল রাহুলের বদলি হিসেবে করুণ নায়ারকে নিয়েছে,” আইপিএল এক বিবৃতিতে বলেছে। ফ্র্যাঞ্চাইজিটিও তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ৫ই মে, শুক্রবার, বিষয়টি ঘোষণা করেছে।

 

ফ্র্যাঞ্চাইজিটি ২০২২-এর ডিসেম্বরে করুণ নায়ারের পুরানো একটি টুইটও শেয়ার করেছে, যেখানে ব্যাটার লিখেছিলেন “প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটি সুযোগ দাও।” এখনও অবধি ৭৬টি আইপিএল ম্যাচ খেলে ১৪৯৬ রান করেছেন নায়ার। এলএসজি তাঁকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে।

নায়ার শেষ পর্যন্ত আইপিএলে আরও একটি সুযোগ পেয়েছেন, তবে দেখার বিষয় তিনি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন কিনা। লিগ পর্বে মাত্র চারটি ম্যাচ বাকি থাকায় এলএসজি তাদের একাদশে বড় কোনো পরিবর্তন নাও করতে পারে।

রাহুলের অনুপস্থিতি সত্ত্বেও লখনউ দলে এমন বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যাঁরা ব্যাটিং ক্রমের অংশ হতে পারেন এবং করুণের আগে তাঁদেরকেই খেলার সুযোগ দেওয়া হতে পারে। গত আইপিএলের পরেও কেএল রাহুল চোট পেয়েছিলেন এবং জাতীয় দলে ফিরে আসার আগে কয়েক মাসের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।

রাহুলের চোট ভারতীয় দলকেও সমস্যায় ফেলেছে কারণ রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অভিজ্ঞ ব্যাটারকে পাবে না। ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এবং উভই দলই তাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে থাকবে। কেএল রাহুল এখন স্কোয়াডের বাইরে থাকায়, ভারত তাঁর উপযুক্ত বিকল্প খুঁজে পেতে চায়বে।

close whatsapp