আরসিবির বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন এলএসজির অধিনায়ক কেএল রাহুল
আপডেট করা - May 1, 2023 8:48 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৩ তম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) এবং ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই ফিল্ডিং করার সময় চোট পেলেন এলএসজির অধিনায়ক কেএল রাহুল।
দ্বিতীয় ওভারের শেষ বলে একটি চার আটকাতে গিয়ে চোট পান কেএল রাহুল। এলএসজির ফিজিওরা সঙ্গে সঙ্গে মাঠে আসেন। শেষমেশ তার সতীর্থরা তাকে উঠতে সাহায্য করেন এবং তিনি যন্ত্রনা নিয়ে মাঠ ছাড়েন।
— Alter EGO | Sanju (@me_sanjureddy) May 1, 2023
পাওয়ারপ্লেতে ৪২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বেশি রান করা যে খুব সহজ নয় সেটি আমরা এর আগের ম্যাচগুলি দেখে বুঝতে পেরেছি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি মিলে পাওয়ারপ্লেতে ৪২ রান করেন।
বিরাট কোহলি ৩০ বলে ৩১ রান করে আউট হন। তিনি রবি বিষ্ণোইয়ের শিকার হন। বিরাট নবম ওভারের শেষ বলটি স্টেপ আউট করে খেলতে গিয়ে সেটি মিস করেন এবং এলএসজির উইকেটরক্ষক নিকোলাস পুরান তাকে স্টাম্প করেন। বিরাট এবং ডু প্লেসিস মিলে ৬২ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। প্ৰথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিরাট কোহলি আউট হওয়ার ক্রিজে আসেন অনুজ রাওয়াত। তিনি ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। তিনি ১১ বলে মাত্র ৯ রান করে কৃষ্ণাপ্পা গৌতমের বলে কাইল মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েলও এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি ৫ বলে মাত্র ৪ রান করে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডাব্লিউ হন। তিনি রিভিউ নিয়েছিলেন, কিন্তু মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে ম্যাচটিতে দলে ফিরেছেন আরসিবির অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। এটি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নবম ম্যাচ। এর আগের ৮টি ম্যাচের মধ্যে ৪টি জয় পেয়েছে আরসিবি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা। অন্যদিকে, এলএসজি এর আগে ৮টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এই ম্যাচে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।