ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মাইক হেসন

আরসিবি ডিরেক্টরের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারদের অবদান কমেছে

Mike Hesson
Mike Hesson. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন আইপিএল ২০২৩-এ ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের বিপক্ষে নিজের মত ব্যক্ত করেছেন। হেসন মনে করেন যে এই নিয়মের ফলে স্থানীয় অলরাউন্ডারদের সুযোগ কমে গেছে এবং এই ভূমিকার জন্য তাদের প্রস্তুত করা কঠিন হয়ে গেছে।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেটারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিকা পেয়েছে কারণ এই নিয়মের সমর্থনে বলার মতো ব্যক্তি যেমন রয়েছে, তেমন বিপক্ষেও রয়েছেন। আইপিএল ২০২৩-এর কিছু অধিনায়ক এই নিয়মকে বিভ্রান্তিকর বলে মনে করেছেন। নিউ জিল্যান্ডের প্রাক্তন প্রধান কোচ নিয়মে খুব বেশী খুশি হননি কারণ তাঁর মতে এর ফলে অলরাউন্ডারদের বিকাশ হবে না।

“ব্যক্তিগতভাবে, আমি এটির (ইমপ্যাক্ট প্লেয়ার) খুব বড় ভক্ত নই। আমি মনে করি এটি ভারতীয় অলরাউন্ডারদের খেলা থেকে দূরে সরিয়ে দেয়, যাদের নিয়ে আমাদের স্কোয়াডের অনেকেই সময় ব্যয় করেছে। আমি বলব না আমি একজন প্রাচীনপন্থী, কিন্তু আমি মনে করি পরিবর্তনের জন্য একটি ভালো কারণ থাকা দরকার। আপনি যদি অলরাউন্ডার তৈরি করার চেষ্টা করেন, তাদের মধ্যে কেউ শুরুতেই ৫ নম্বরে ব্যাটিং এবং চার ওভার বোলিং করে না। তাদের সেই ভূমিকায় রূপান্তর করতে হবে। এটি একটু কঠিন করে তুলেছে,” হেসন ইএসপিএনক্রিকইনফোতে বলেছেন।

“এর ইতিবাচক দিকটি হল যে, আমি মনে করি এর জন্য অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কারণ দুই দলই খেলায় থাকছে। আগে যদি পাওয়ারপ্লেতে তিনটি উইকেট পড়ে যেত, তবে মাঝের ওভারে চাপ দেওয়া যেত। এখন তারা মারা থামাচ্ছে না,” যোগ করেছেন হেসন।

হাসারাঙ্গার ব্যাটিং শক্তিকে কাজে লাগাতে চান হেসন

ওয়ানিন্দু হাসারাঙ্গা এখনও অবধি ১২টি আইপিএল ইনিংসে ব্যাট করেছেন এবং তাঁর স্ট্রাইক রেট মাত্র ৮৯.৬৭। তবে, তাঁর সামগ্রিক টি-২০ স্ট্রাইক রেট ১৩৬.৭৯। আরসিবিতে ব্যাটার হিসেবে হাসরাঙ্গার অবদান এখনও বিশেষ নয়।

হাসারাঙ্গার ব্যাটিং পজিশন নিয়ে হেসন বলেছেন,”ওয়ানির সৌন্দর্য হল সে বহুমুখী। আমি মনে করি ইমপ্যাক্ট প্লেয়ারের ফলে সম্ভবত সব দলই অতিরিক্ত ব্যাটার খেলাচ্ছে, তাই সম্ভবত এখনও পর্যন্ত তার সুযোগ সীমিত। তবে এর মানে এই নয় যে, টুর্নামেন্টের কোনো অংশে, আমরা তাকে আগে খেলাতে আত্মবিশ্বাসী হব না। সে সেট হয়ে গেলে শুধুমাত্র স্পিনার নয়, পেসারদেরও আক্রমণ করতে পারবে।”

আরসিবি তাদের পরের ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হবে সোমবার, ১লা মে তারিখে।

close whatsapp