টাইটান্সের বিরুদ্ধে শার্দূল ঠাকুর খেলবেন কি?

১৬ই এপ্রিল শেষবার কেকেআরের হয়ে খেলেছিলেন শার্দূল

Shardul Thakur
Shardul Thakur. (Image Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অলরাউন্ডার শার্দূল ঠাকুরের ২৯শে এপ্রিল, শনিবার, গুজরাত টাইটান্স (জিটি)-এর বিরুদ্ধে আসন্ন ম্যাচের আগে একাদশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। চোটের কারণে দুই ম্যাচের জন্য মাঠের বাইরে ছিলেন শার্দূল।

১৬ই এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে শার্দূল শেষবার কলকাতার হয়ে খেলেছিলেন। পেসার সেই ম্যাচে দুই ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট তোলেন এবং ব্যাট হাতে ১৩ রান করেন। কেকেআর ম্যাচটি পাঁচ উইকেটে হেরেছিল। তারপর থেকে ৩১ বছর বয়সী দলের বাইরে ছিলেন এবং অনেকে অনুমান করেছিলেন যে তাঁর খারাপ ফর্মের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল।

শার্দূল ঠাকুর একাদশে ফিরলে বাদ যেতে পারেন উমেশ যাদব

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, পেসার চোট থেকে সেরে উঠেছেন এবং আসন্ন ম্যাচের আগে নেট সেশনে ঘাম ঝরাচ্ছেন। ২৬শে এপ্রিল আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে শার্দূল নেটে অনেকক্ষণ বোলিং করেছিলেন এবং বেশ কিছুক্ষণ ব্যাট করেছিলেন।

তিনি একাদশে প্রত্যাবর্তন করতে প্রস্তুত। শার্দূল ফিরে এলে উমেশ যাদবের দল থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উমেশ বিগত সাত ম্যাচে উইকেটহীন রয়েছেন। উল্লেখ্য, শার্দূল এখনও পর্যন্ত কেকেআরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন এবং মাত্র দুটি উইকেট পেয়েছেন।

তবে ব্যাট হাতে তাঁর পারফর্ম্যান্স তুলনামূলকভাবে ভালো। আরসিবির বিরুদ্ধে ৬৮ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি মোট ১০১ রান করেছেন। এদিকে, কেকেআর তাদের আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে ফিরতি ম্যাচে জিতে টানা চারটি ম্যাচ হারার পরে সাময়িক স্বস্তি পেয়েছে।

বর্তমানে, কেকেআর প্রতিযোগিতার প্রথম পর্বে একেবারেই ধারাবাহিক ছিল না এবং আইপিএল ২০২৩ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে বর্তমানে। চোটের কারণে পুরো মরসুমের জন্য শ্রেয়াস আইয়ারকে হারানোর পরে নীতীশ রানা এবং তাঁর সতীর্থরা শীর্ষ চারে জায়গা পাওয়ার জন্য কঠিন সমস্যার মুখে পড়ছে। প্লে অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে কেকেআরকে আসন্ন ম্যাচগুলির সর্বাধিক ব্যবহার করতে হবে।

close whatsapp