মুম্বই টেস্টে তিনটি রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে
বেদি, কুম্বলে, হ্যাডলিদের মতো কিংবদন্তীদের রেকর্ড ভাঙতে পারেন ভারতীয় অফ স্পিনার
আপডেট করা - Dec 2, 2021 7:35 pm

কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে টম ল্যাথামকে আউট করার পর হরভজন সিংকে টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হয়ে উঠেছেন। এবার মুম্বই টেস্টে তারকা স্পিনারের সামনে একই সঙ্গে বেশ কিছু রেকর্ড ভাঙার সুযোগ। তিনি এখন তিনটি রেকর্ড ভাঙার দোরগোড়ায়।
যে যে রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে
চলতি ক্যালেন্ডার বর্ষের শুরু থেকেই অশ্বিন ছন্দে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে এবং ভারতের ইংল্যান্ড সফরে একটিও ম্যাচে না খেলার পরেও উইকেট নেওয়ার নিরিখে এই বছর তিনি সবার আগে। প্রথম যে রেকর্ডটি অশ্বিন ভাঙতে পারেন সেটি হল, আগামী টেস্টে ৬টি উইকেট নিলে চলতি ক্যালেন্ডার বর্ষে ৫০টি উইকেট পূর্ণ করবেন অশ্বিন। সেক্ষেত্রে এই নিয়ে মোট চারবার কোন এক ক্যালেন্ডার বছরে ৫০ বা তার অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। অন্য কোন ভারতীয় বোলার এই রেকর্ড করতে পারেননি আজ অবধি।
এর আগে যে তিনবার ৫০ বা তার অধিক উইকেট এক ক্যালেন্ডার বর্ষে নিয়েছিলেন অশ্বিন, সেই তিনটি বছর হল – ২০১৫, ২০১৬ ও ২০১৭ – টানা তিন বছর। ২০১৫ সালে ৬২টি, ২০১৬ সালে ৭২টি এবং ২০১৭ সালে ৫৬টি উইকেট গিয়েছিল তাঁর ঝুলিতে। চলতি বছরে অশ্বিন ১৪টি ইনিংসে ৪৪টি উইকেট সংগ্রহ করেছেন। অশ্বিন ছাড়া কুম্বলে ও হরভজন এক বছরে ৫০টির বেশি টেস্ট উইকেট নিয়েছেন মোট ৩ বার করে।
দ্বিতীয় যে রেকর্ডটি অশ্বিন করতে পারেন, সেটি করে ফেললে তিনি কিংবদন্তী অনিল কুম্বলের খুব কাছা কাছি চলে যাবেন। মুম্বই টেস্টে আর ৮টি উইকেট নিলে দেশের মাটিতে ৩০০টি টেস্ট উইকেটের মালিক হবেন তিনি। একমাত্র ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে ভারতের মাটিতে তিনশোর বেশি (৩৫০) টেস্ট উইকেট নিয়েছেন।
কানপুর টেস্টে ৬টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারে পরিণত হয়েছেন অশ্বিন। তিনি টপকে গিয়েছিলেন বিষেণ সিং বেদির (৫৭) রেকর্ডকে। এবার ওয়াংখেড়েতে ৮টি উইকেট নিতে পারলে ভারত-নিউজিল্যান্ড দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজের ইতিহাসে দু’দলের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হবেন অশ্বিন। আপাতত এই রেকর্ড রয়েছে কিউয়ি কিংবদন্তী রিচার্ড হ্যাডলির দখলে। তিনি ভারতের বিরুদ্ধে ৬৫টি টেস্ট উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন এখনও অবধি ৫৮টি উইকেট নিয়েছেন।