পাঁচ বলে পাঁচটি ছয় খাওয়ার পরে যশ দয়ালের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানালেন হার্দিক পান্ডিয়া

Yash Dayal
Yash Dayal. (Photo Source: JioCinema/Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ১৩ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে ৩ উইকেটে পরাজিত হয়েছিল গতবারের শিরোপা জয়ী দল গুজরাট টাইটান্স (জিটি)। সেই ম্যাচের শেষ ওভারে রিঙ্কু সিং অসম্ভবকে সম্ভব করে জিটির মুখের সামনে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে গেছিলেন।

সেই ম্যাচের শেষ ওভারে কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান। সেই মুহূর্তে ক্রিজে ছিলেন রিঙ্কু সিং এবং উমেশ যাদব। প্ৰথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। তারপরের পাঁচটি বলে পাঁচটি ছয় মেরে কেকেআরকে ম্যাচটি জিতিয়ে দেন রিঙ্কু সিং। শেষ ওভারে বোলিং করছিলেন যশ দয়াল। এই ঘটনা ঘটার পর যেকোনো বোলারই ভেঙে পড়তেন। যশের সাথেও ব্যতিক্রম কিছু হয়নি। সেই ম্যাচের পর এখনও অবধি আর একটিও ম্যাচে খেলতে দেখা যায়নি তাকে।

গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যশ দয়ালের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন। এই মরসুমে যশের খেলার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি। যশের ৭-৮ কিলো ওজন কমে গেছে বলেও জানিয়েছেন তিনি।

স্টার স্পোর্টসের সাথে কথোপকথনের সময় হার্দিক পান্ডিয়া বলেন, “আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না (এই মরসুমে যশ দয়ালের আবার খেলার সম্ভাবনা নিয়ে)। সেই ম্যাচের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার ৭-৮ কিলো ওজন কমে যায়। সেই সময়ে ভাইরাল সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং এছাড়াও তিনি সেই ম্যাচের পরে ভেঙে পড়েছিলেন। সেই কারণে এই মুহূর্তে মাঠে নেমে খেলার মতো পরিস্থিতি তার নেই। দিনের শেষে কেউ হারবে এবং কেউ জিতবে। মাঠে ফিরতে তার এখনও অনেক সময় লাগবে।”

নিজেদের পরবর্তী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স

২৯শে এপ্রিল, শনিবার কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের বিরুদ্ধে খেলতে নামবে জিটি। হার্দিক পান্ডিয়ার দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তারা এখনও অবধি ৭টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয়লাভ করেছে।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স টানা চারটি ম্যাচে পরাজিত হয়ে এই মুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। কেকেআর এখনও অবধি ৭টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয়লাভ করেছে। গুজরাট টাইটান্সকে আবার পরাজিত করে তারা কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp