কোহলি, ম্যাক্সওয়েল ও সিরাজকে আরসিবি ধরে রাখল
বিস্ময়য়করভাবে যুজবেন্দ্র চাহালকে ধরে রাখার উৎসাহ দেখালো না তারা
আপডেট করা - Nov 30, 2021 10:08 pm

আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে কোন দল কাকে ধরে রাখছে তা জানানোর শেষ দিন আজ, ৩০শে নভেম্বর।প্রায় সব দলই তারকাখচিত হওয়ায় কোন ক্রিকেটারদের শেষ অবধি ধরে রাখা হল তার দিকে নজর থাকবে সবারই। একবারও আইপিএল চ্যাম্পিয়ন না হতে পারলেও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিকে বরাবরই সবার নজর থাকে। ২০২২ আইপিএলের আগে তারা রিটেইন করার সিদ্ধান্ত নিল বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে।
বিদ্যমান আটটি দল তাদের দলের সঙ্গে ইতিমধ্যেই জড়িত ক্রিকেটারদের মধ্য থেকে অনধিক চারজনকে বেছে নেওয়ার সুযোগ পাবে। কিন্তু আরসিবি তাদের আগের বছরের স্কোয়াড থেকে চারজনকে ধরে রাখার ব্যাপারে বিশেষ উৎসাহ দেখালো না। বেশ কিছু নামী ক্রিকেটারকে তারা রিটেইন করল না। তাদের মধ্যে উল্লেখযোগ্য যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল, দেবদত্ত পাড়িক্কাল প্রমুখ।
আরসিবি ধরে রাখল বিরাট কোহলিকে
ফ্র্যাঞ্চাইজি দ্বারা ধরে রাখা খেলোয়াড়দের প্রসঙ্গে, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি খুব স্বাভাবিকভাবেই দলের দ্বারা ধরে রাখা প্রথম ক্রিকেটার হয়েছেন। যদিও ৩৩ বছর বয়সী ব্যাটার আসন্ন মরসুমে আরসিবিকে নেতৃত্ব দেবেন না, তবে তিনি তাদের ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ হয়ে থাকবেন। যেহেতু রিটেইন করার তালিকায় তাঁর স্থান প্রথম, তাই কোহলি ১৫ কোটি টাকা পাবেন।
অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল ২০২১-এ দলের হয়ে দুর্দান্ত ফর্ম উপভোগ করেছিলেন। তিনি আরসিবির দ্বিতীয় নির্বাচিত ক্রিকেটার। সুতরাং, তিনি ১১ কোটি টাকা পাবেন। বিস্ফোরক ব্যাটার তাঁর এবারের ফর্ম পরের মরসুমেও ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।
দলের তৃতীয় ও শেষ রিটেনশন হলেন পেসার মহম্মদ সিরাজ। ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের পর থেকে ডানহাতি পেসার দলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই তিন খেলোয়াড়কে কেন্দ্রে রেখে আরসিবি চায়বে তাদের কাঙ্ক্ষিত আইপিএল ট্রফিটি অবশেষে হাতে তুলতে। এখন দেখার নিলামের টেবিল থেকে তারা তাদের এতো বছরের বিশ্বস্ত স্পিনার যুজবেন্দ্র চাহালকে তুলে নেয় কি না। উল্লেখ্য, মেগা নিলামের আগে দলের হাতে রয়েছে ৫৭ কোটি টাকা।
আইপিএল ২০২২-এ আরসিবির রিটেনশনের তালিকা:
রিটেনশন ১ – বিরাট কোহলি – ১৫ কোটি টাকা
রিটেনশন ২ – গ্লেন ম্যাক্সওয়েল – ১১ কোটি টাকা
রিটেনশন ৩ – মহম্মদ সিরাজ – ৭ কোটি টাকা
অবশিষ্ট অর্থ – ৫৭ কোটি টাকা