পাঞ্জাব কিংসের অধিনায়ক কে হবেন, ইঙ্গিত দিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার
মায়াঙ্ক বা শিখরের মধ্যে একজনকে অধিনায়ক করা হবে বলে মনে করা হয়েছিল
আপডেট করা - Feb 18, 2022 3:03 pm

আইপিএল মেগা নিলাম শেষ হয়ে যাওয়ার পরেও পাঞ্জাব কিংসের অধিনায়ক কে হবেন সেই নিয়ে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। নিলামের আগে যখন মায়াঙ্ক আগরওয়ালকে ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছিল, তখন অনেক সমর্থকই তাঁকে নেতৃত্বের প্রার্থী বলে মনে করেছিল। যদিও, কিংস নিলাম টেবিলে শিখর ধাওয়ানকে কেনার পরে, এখন মনে হচ্ছে মায়াঙ্কের আগে বাঁ-হাতি ব্যাটারকে হয়তো নেতা হিসেবে বিবেচনা করা হবে।
এবং এখন, কিংসের অন্যতম কর্ণধার মোহিত বর্মন, নেতৃত্ব কার কাছে যেতে পারে সে সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকার থেকে বর্মনের কথা শুনে জল্পনা শুরু হয়ে গেছে যে ফ্র্যাঞ্চাইজির পছন্দ হিসাবে ধাওয়ানকে পিছনে ফেলে এগিয়ে গেছেন মায়াঙ্ক।
“আমি মনে করি এটা একটা বড় সুবিধা যে একজন সিনিয়র খেলোয়াড় আপনার সাথে আগে খেলেছে এবং সে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত। সে কোচের চিন্তাভাবনা বোঝে,” নিউজ৯ স্পোর্টসকে বর্মন বলেছেন।
মায়াঙ্ক আগরওয়ালকে ২০১৮ সালে ফ্র্যাঞ্চাইজি দ্বারা বাছাই করা হয়েছিল এবং তখন থেকেই তাদের দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। গত কয়েক মরসুমে, মায়াঙ্ক তাঁর কর্ণাটক ও ভারতীয় দলের সতীর্থ এবং ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক, কেএল রাহুলের সঙ্গে একটি শক্তিশালী ওপেনিং জুটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কেএল রাহুলের অনুপস্থিতিতে আইপিএল ২০২১-এর একটি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
“কোচের সাথে তার ভাল সম্পর্ক রয়েছে এবং পরিকল্পনা হল তাকে একটি শক্তিশালী দল দেওয়া যারা সমস্ত পদ পূরণ করবে,” তিনি যোগ করেছেন।
শিখর ধাওয়ান পিবিকেএসের অধিনায়কত্বের আরেকজন দাবিদার
বিভিন্ন বিশ্লেষক এবং ক্রিকেট পন্ডিতদের মতে কিংস মেগা নিলামে টেবিলে তাদের কৌশল সফলভাবে রূপায়ণ করেছে। শিখর ধাওয়ানকে ৮.২৫ কোটি টাকায় কেনার পাশাপাশি তারা বেশ কিছু তারকাকে নিলামে কিনেছে। তারা তরুণ ফাস্ট বোলার অর্শদীপ সিংকেও ধরে রেখেছে। অর্শদীপ গত মরসুম ধরে দারুণ সম্ভাবনা দেখিয়ে আসছেন।
“আমাদের কৌশলটি ছিল অত্যন্ত শক্তিশালী খেলোয়াড়দের প্রতিটি অবস্থানে রাখা যাতে অধিনায়কের পক্ষে কেবল নেতৃত্ব দেওয়া নয়, দলের খেলোয়াড় হওয়া আরও সহজ হবে। অতএব, আমি একটি ভারসাম্যপূর্ণ দল নিতে চেয়েছিলাম যা একজন শক্তিশালী নেতার উপর নির্ভর না করে একটি শক্তিশালী দল হিসেবে নিজেরাই উঠে আসবে,” নিলামে তাদের চূড়ান্ত দলে নিয়ে মন্তব্য করেছেন বর্মন।
কিংস তাদের স্কোয়াড গঠন করতে মোট ব্যয় করেছে ৮৬.৫৫ কোটি টাকা। তাদের জন্য সবচেয়ে ব্যয়বহুল ক্রয় ছিল ইংরেজ লিয়াম লিভিংস্টোন, যার জন্য তারা ১১.৫ কোটি টাকা খরচ করেছিল। তারা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডার জন্য ৯.২৫ কোটি টাকা খরচ করেছে।