আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কেকেআর বনাম সিএসকে পিচ রিপোর্ট এবং হেড টু হেড
আপডেট করা - Apr 22, 2023 5:28 pm

২৩শে এপ্রিল, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৩৩ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) একে অপরের মুখোমুখি হবে। আমরা আইপিএলের মঞ্চে এই দুই দলের মধ্যে অনেকবারই হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখেছি। রবিবারের ম্যাচেও আমরা আবার একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাব বলে আশা করা যায়।
এবারের মরসুমে কলকাতা নাইট রাইডার্স এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ২টি ম্যাচ জিতেছে। পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে প্ৰথম ম্যাচে পরাজিত হওয়ার পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছিল কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৮১ রানে এবং গুজরাট টাইটান্সকে (জিটি) ৩ উইকেটে পরাজিত করেছিল নীতিশ রানার দল। কিন্তু তারপর টানা ৩টি ম্যাচে হারের মুখোমুখি হতে হয়েছে কেকেআরকে। সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ২৩ রানে, মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৫ উইকেটে এবং দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত হয়েছিল দুবারের চ্যাম্পিয়নরা। কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে।
আইপিএল ২০২৩-এ চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্স করেছে। তারা এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং ৪টি ম্যাচে জয় পেয়েছে। তারা এই মরসুমের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হয়েছিল এমএস ধোনির দল। তারপরের দুটি ম্যাচে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টাসকে ১২ রানে (এলএসজি) এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে পরাজিত করেছিল সিএসকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৩ রানে হেরেছিল তারা। তারপর আবার টানা দুটি ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে পরাজিত করেছিল তারা। চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন্সে বোলারদের তুলনায় ব্যাটাররা বেশি সুবিধা পায়। তবে মিডিল ওভারে স্পিনাররা ভয়ানক হয়ে উঠতে পারেন। এই পিচে ১৮০-১৯০ রান খুব ভালো বলে গণ্য হবে। টসজয়ী দল রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারে। কেকেআর এবং সিএসকের স্পিনাররা এই ম্যাচে নিজেদের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
হেড টু হেড
হেড-টু-হেডে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটাই এগিয়ে আছে। এই দুটি দল এখনও পর্যন্ত ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং তার মধ্যে কেকেআর জিতেছে ১০ বার এবং সিএসকে জিতেছে ১৮ বার, একটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি। কেকেআর এবং সিএসকে দুবার আইপিএল ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে। ২০১২ সালের মরসুমের ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে পরাজিত করে প্রথমবারের জন্য শিরোপা জিতেছিল কেকেআর এবং ২০২১ সালের মরসুমের ফাইনালে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে চতুর্থবারের জন্য শিরোপা জিতেছিল সিএসকে। এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।