আইপিএল ২০২৩, ম্যাচ ২৯: সিএসকে বনাম এসআরএইচ ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা
ম্যাচ জেতার পরেও তৃতীয় স্থানেই থেকে গেল সিএসকে
আপডেট করা - Apr 21, 2023 11:30 pm

২১শে এপ্রিল, শুক্রবার, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) আইপিএল ২০২৩-এর ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-কে পরাজিত করে চতুর্থ জয় অর্জন করেছে। হায়দ্রাবাদের ওপেনার হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা ইনিংসের ভালো শুরু করেন এবং প্রথম উইকেটে ৪.২ ওভারে ৩৫ রান যোগ করেন। আকাশ সিং পঞ্চম ওভারে ১৮ রানে বিপজ্জনক ব্রুককে আউট করে এসআরএইচকে প্রথম ধাক্কা দেন।
এরপরে রাহুল ত্রিপাঠী ক্রিজে আসেন এবং অভিষেকের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন। তবে ২৬ বলে ৩৪ রান করে অভিষেককে ডাগ-আউটে ফেরত পাঠান রবীন্দ্র জাডেজা। বাঁ-হাতি স্পিনার এরপরে ত্রিপাঠী ও মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন। ১৪ ওভারের ছিতরে ৯৫/৫ হয়ে যাওয়ার পরে হায়দ্রাবাদের পক্ষে ইনিংস পুনর্গঠন করা সম্ভব হয়নি।
মাহীষ থিকশানা এসআরএইচ অধিনায়ক এইডেন মার্করামের মূল্যবান উইকেট তোলেন। হাইনরিখ ক্লাসেনও বিশেষ অবদান রাখতে পারেননি এবং ১৬ বলে ১৭ রান করে মাথিশা পাথিরানার বলে তাঁর উইকেট হারান। ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে এসআরএইচ ২০ ওভারে মাত্র ১৩৪/৭ অবধি পৌঁছতে পেরেছিল। রবীন্দ্র জাদেজা চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিএসকের বোলারদের মধ্যে সেরা ছিলেন।
ডেভন কনওয়ে ৭৭* রানের দুর্দান্ত ইনিংস খেলে সিএসকেকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেন
জবাবে সিএসকে ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে শুরু থেকেই আগ্রাসী ছিলেন এবং পাওয়ারপ্লেতে ৬০ রান যোগ করেছিলেন। তাঁদের দুর্দান্ত পার্টনারশিপ শেষ পর্যন্ত ৮৭ রানে শেষ হয়েছিল যখন কনওয়ে একটি স্ট্রেট ড্রাইভ খেলেন যা উমরান মালিকের আঙুল ছুঁয়ে স্টাম্পে লাগে এবং নন-স্ট্রাইকারের প্রান্তে গায়কওয়াড় তখন ক্রিজের বাইরে ছিলেন।
গায়কওয়াড় ৩০ বলে ৩৫ রান করে বিদায় নেন এবং ক্রিজে কনওয়ের সঙ্গে যোগ দেন আজিঙ্ক্যা রাহানে। রাহানে দশ বলে নয় রান করে বিদায় নেন মায়াঙ্ক মারকান্ডের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে। শেষের দিকে আম্বাতি রায়ুডুর উইকেট পড়লেও, পরিস্থিতি বিশেষ চাপের হয়নি। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭* রান করে আট বল বাকী থাকতে সিএসকেকে দুই পয়েন্ট এনে দেন। এই জয়ের ফলে সিএসকে তিন নম্বরে তাঁদের অবস্থান মজবুত করেছে।
আইপিএল ২০২৩-এর ম্যাচ ২৯-র পরে পয়েন্ট তালিকা
| স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| ১ | রাজস্থান রয়্যালস | ৬ | ৪ | ২ | ৮ | ১.০৪৩ |
| ২ | লখনউ সুপার জায়ান্টস | ৬ | ৪ | ২ | ৮ | ০.৭০৯ |
| ৩ | চেন্নাই সুপার কিংস | ৬ | ৪ | ২ | ৮ | ০.৩৫৫ |
| ৪ | গুজরাত টাইটান্স | ৫ | ৩ | ২ | ৬ | ০.১৯২ |
| ৫ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৬ | ৩ | ৩ | ৬ | -০.০৬৮ |
| ৬ | মুম্বই ইন্ডিয়ান্স | ৫ | ৩ | ২ | ৬ | -০.১৬৪ |
| ৭ | পাঞ্জাব কিংস | ৬ | ৩ | ৩ | ৬ | -০.২৯৮ |
| ৮ | কলকাতা নাইট রাইডার্স | ৬ | ২ | ৪ | ৪ | ০.২১৪ |
| ৯ | সানরাইজার্স হায়দরাবাদ | ৬ | ২ | ৪ | ৪ | -০.৭৯৪ |
| ১০ | দিল্লি ক্যাপিটালস | ৬ | ১ | ৫ | ২ | -১.১৮৩ |