আইপিএল রিটেনশনের যাবতীয় খুঁটিনাটি
কতজনকে রিটেইন করা যাবে, কার জন্য কত টাকা কাটা হবে, কোথায় দেখা যাবে এই অনুষ্ঠান, রইল সব তথ্য
আপডেট করা - Nov 30, 2021 7:11 pm

আগামী মরশুমের আগে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে এখনও এক মাস বা তার বেশী সময় বাকি আছে। তবে তার আগে থেকে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইপিএলের সবকটি ফ্রাঞ্চাইজি। শুধুমাত্র এই মরসুম নয়, পরবর্তী কয়েক মরসুমের আইপিএলের দিকে লক্ষ্য রেখে মঙ্গলবার (৩০ নভেম্বর) ফ্রাঞ্চাইজিগুলি তাদের পছন্দের ক্রিকেটার ধরে রাখবে। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেটার ধরে রাখার রিটেনশন সংক্রান্ত সব খুঁটিনাটি।
মেগা নিলামের আগে সব কটি দলই পাচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যক পছন্দের ক্রিকেটার রিটেইন করতে। বিদ্যমান আটটি দলের জন্য আজ ৩০শে নভেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক দল তাদের দলে ইতিমধ্যেই থাকা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ চারজনকে ধরে রাখতে পারবে।
রিটেইন করার নিয়মের খুঁটিনাটি
আটটি বিদ্যমান ফ্রাঞ্চাইজি নিজেদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা দিয়ে দিলে তারপর নতুন সংযোজিত হওয়া দুই দল তাদের পছন্দ মতো বাকি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ দুজন ক্রিকেটার ধরে রাখতে পারবে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি – আহমেদাবাদ ও লখনউ – ১লা ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর অবধি সময় পাবে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম প্রকাশ করার জন্য।
বিদ্যমান ফ্রাঞ্চাইজিগুলি সর্বাধিক যে চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের মধ্যে অনধিক দুইজন হতে পারবে বিদেশী ক্রিকেটার। নতুন আসা দুই ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক যে তিনজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের মধ্যে অনধিক একজন হতে পারবে বিদেশী ক্রিকেটার।
কোন ক্রিকেটারের জন্য কত খরচ হবে
এবারের নিলামের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজির হাতে ৯০ কোটি টাকা থাকবে। সর্বাধিক চারজন খেলোয়াড়কেই কোন ফ্রাঞ্চাইজি রিটেইন করলে প্রথমজনকে ১৬ কোটি, দ্বিতীয়জনকে ১২ কোটি, তৃতীয়জন ৮ কোটি ও চতুর্থজনকে ৬ কোটি টাকা দিতে হবে।
তিনজনকে রিটেন করার সিদ্ধান্ত নিলে ফ্রাঞ্চাইজিগুলিকে প্রথম জনকে ১৫ কোটি, দ্বিতীয়জনকে ১১ কোটি ও তৃতীয়জনকে ৭ কোটি টাকা দিতে হবে।
দুজন ক্রিকেটারকে রিটেইন করা হলে প্রথমজন পাবেন ১৪ কোটি ও দ্বিতীয়জন পাবেন ১০ কোটি। যদি কেবল একজনকেই রিটেইন করার সিদ্ধান্ত নেয় কোন দল তাহলে তাঁর পিছনে খরচ হবে ১৪ কোটি।
টিভিতে যেসব চ্যানেলে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান
স্টার স্পোটর্স নেটওয়ার্ক এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোটর্স ১, স্টার স্পোটর্স ১ এইচডি, স্টার স্পোটর্স ১ হিন্দি, স্টার স্পোটর্স ১ হিন্দি এইচডিতে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। লাইভ সম্প্রচার শুরু হবে রাত ৯ঃ৩০ থেকে।