নিউজিল্যান্ডের ‘ভীরু’ ব্যাটিংকে দুষলেন সুনীল গাভাস্কার

কিউয়িদের রক্ষণাত্মক ব্যাটিং দেখে তাঁর মনে হয়েছে তারা ম্যাচ বাঁচাতে পারলেই খুশি

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি উত্তেজক ড্রতে শেষ হয়েছে। জয় থেকে ভারত যখন মাত্র ১ উইকেট দূরে, তখন রচিন রবীন্দ্র এবং অ্যাজাজ প্যাটেল ৫০টিরও বেশি ডেলিভারি খেলে কিউইদের টেস্ট ম্যাচ ড্র করতে সাহায্য করেছিলেন। কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কার চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ধরণ দেখে খুশি নন। তিনি দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটিংকে ‘ভীরু’ বলে চিহ্নিত করেছেন।

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত গাভাস্কার মনে করেন ব্ল্যাক ক্যাপসরা কোন মতে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে। তিনি যোগ করেছেন যে তারা শুধুমাত্র টিকে থাকার চেষ্টা করছে এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতার লক্ষ্য তাদের ছিল না।   

“নিউজিল্যান্ড কানপুরে কোন মতে ম্যাচ ড্র রাখতে পেরেছে। চূড়ান্ত দিনে একটি দুর্দান্ত প্রথম সেশনের পরে তাদের ভীরু ব্যাটিং ভারতকে খেলায় ফিরিয়ে আনে এবং দ্বিতীয় সেশনে ভারত উইকেট পেতে শুরু করলে, তারা আরও বেশী চাপ প্রয়োগ করতে থাকে কারণ তারা বুঝতে পেরেছিল যে সফরকারী দল কেবল টিকে থাকতে আগ্রহী, জিততে নয়,” টাইমস অফ ইন্ডিয়ার হয়ে সুনীল গাভাস্কার লিখেছেন।    

লাঞ্চে রাহানে এবং দ্রাবিড়ের খানিকটা হলেও উদ্বিগ্ন হওয়ার কথা: সুনীল গাভাস্কার   

সুনীল গাভাস্কার আরও যোগ করেছেন যে টম ল্যাথাম এবং উইলিয়াম সমারভিল নিউজিল্যান্ডের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন এবং সেই সময় ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে ও কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তায় পড়ে যাওয়ার কথা। গাভাস্কার আরও মতামত দিয়েছেন যে  কিউইরা দ্বিতীয় সেশনে সম্পূর্ণভাবে ঝাঁপ টেনে নামিয়ে দেওয়ায় ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে আরও বেশী করে আক্রমণ করার সুযোগ পেয়ে যান।   

“লাঞ্চের সময়, রাহানে এবং দ্রাবিড়ের খানিকটা হলেও উদ্বিগ্ন হওয়ার কথা। কারণ ল্যাথাম এবং সমারভিল পরের দিকের ব্যাটারদের তাদের স্বাভাবিক খেলা খেলতে এবং নিউজিল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। তারপরে, অপ্রত্যাশিতভাবে ঝাঁপ ফেলে দেওয়া হয়েছিল, এবং তাদের ওইরকম ব্যাটিংয়ের কারণে রাহানে ক্যাচিং পজিশনে ফিল্ডার রাখার সুযোগ পেয়ে যান, “গাভাস্কার যোগ করেছেন। 

close whatsapp