আইপিএল ২০২৩, ম্যাচ ২৯: সিএসকে বনাম এসআরএইচ, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
মায়াঙ্ক আগরওয়ালকে একাদশ থেকে বাদ দিতে পারে সানরাইজার্স
আপডেট করা - Apr 20, 2023 11:03 pm

এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২১শে এপ্রিল, শুক্রবার, চেপকে আইপিএল ২০২৩-এর ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর মুখোমুখি হবে। ইয়েলো আর্মি তাদের আগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ রানে জিতে আসন্ন ম্যাচে নামবে।
ঘরের মাঠে তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি রোমাঞ্চকর লড়াইয়ে হারের সম্মুখীন হতে হয়েছিল সিএসকেকে। এবারে সেই ভুল সংশোধন করতে আগ্রহী হবে চেন্নাই। স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় চোটের কারণে খেলার মতো অবস্থায় না থাকলেও, তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েও এমএস ধোনি তিনটি ম্যাচ জিতে ফেলেছেন।
এদিকে, তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের আগের ম্যাচে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হতাশাজনক হারের স্বাদ পেয়েছিল। ১৪ রানে হারের ধাক্কা সামলে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দল সিএসকের বিরুদ্ধে প্রত্যাবর্তন করতে চায়বে। তবে দলের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে তুলনামূলকভাবে দুর্বল এবং চেন্নাইয়ের স্পিন-বান্ধব পিচে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে।
পিচ কন্ডিশন
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচটি ঐতিহাসিকভাবে স্পিনারদের সাহায্য করে থাকে। ম্যাচ যত এগোয়, ততই বল বেশী টার্ন করতে থাকে। তাই প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক হতে পারে। প্রথমে ব্যাটিং করা দল ন্যূনতম ১৯০ রান না তুললে নিশ্চিন্ত থাকতে পারবে না।
উভয় দলের কম্বিনেশন
চেন্নাই সুপার কিংস
এমএস ধোনির নেতৃত্বাধীন দলের ব্যাটিং দুর্দান্ত হচ্ছে এবং এই মরসুমে ইতোমধ্যেই তারা দুবার ২০০ রানের গণ্ডী টপকেছে। তাই ব্যাটিং ক্রমে বিশেষ পরিবর্তন করবে না। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অতিরিক্ত স্পিনার খেলাতে আগ্রহী হলে প্রশান্ত সোলাঙ্কিকে দেখা যেতে পারে একাদশে। তেমন পরিকল্পনা না থাকলে আকাশ সিংকে খেলাবে সিএসকে।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, মাহীষ থিকশানা, মাথীশা পাথিরানা, তুষার দেশপান্ডে।
সানরাইজার্স হায়দ্রাবাদ
ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়াল দলকে দ্রুত সূচনা এনে দিতে ব্যর্থ হয়েছেন। ১১৩ রান করতে সক্ষম হয়েছেন মাত্র ১০৮.৬৫ স্ট্রাইক রেটে। তাঁকে বাদ দিয়ে সামার্থ ভ্যাসকে ওপেনার হিসেবে খেলানোর পরিকল্পনা করতে পারে এসআরএইচ। এ ছাড়া আগের ম্যাচে না খেলা উমরান মালিককে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে তারা।
সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, সামার্থ ভ্যাস, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার।
হেড-টু-হেড
ম্যাচ – ১৯ | চেন্নাই সুপার কিংস – ১৪ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ৫
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ