‘প্রকৃত ম্যাচ উইনার’ অশ্বিনকে বাহবা কোচ দ্রাবিড়ের
অশ্বিন প্রতিনিয়ত বিকশিত হওয়ার কারণেই এই সাফল্য পেয়েছেন, মত প্রধান কোচের
আপডেট করা - Nov 30, 2021 11:25 am

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ১ম টেস্টের পঞ্চম দিনে রবিচন্দ্রন অশ্বিন আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখালেন। ডানহাতি অফ-স্পিনার অশ্বিন আরেক ডানহাতি অফ-স্পিনার হরভজন সিংকে টেস্ট উইকেট সংখ্যার নিরিখে ছাড়িয়ে গেলেন এবং বর্তমানে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ৩য় স্থানে উঠে এসেছেন। অশ্বিনের নামের পাশে ইতিমধ্যেই ৪১৯টি উইকেট। তাঁর এই সাফল্যকে বাহবা জানিয়ে অশ্বিনকে প্রকৃত ম্যাচ উইনার হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
তাঁর এই কৃতিত্বের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দ্রাবিড় হরভজনকে একজন ‘দারুণ বোলার’ হিসেবে অভিহিত করলেও মেনে নিয়েছেন অশ্বিনের কৃতিত্ব অনন্য।
“হরভজন সত্যিই একজন দারুণ বোলার ছিল, যার সাথে আমি অনেক ক্রিকেট খেলেছি। তিনি ভারতের হয়ে একজন দুর্দান্ত বোলার ছিলেন, তবে মাত্র ৮০টি টেস্ট ম্যাচে অশ্বিন যা করতে পেরেছেন তা একটি অসাধারণ কৃতিত্ব,” ম্যাচের পরে দ্রাবিড় বলেছিলেন।
রবি অশ্বিন ভারতের জন্য একজন প্রকৃত ম্যাচ উইনার: রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় আরও যোগ করেছেন যে অশ্বিন ভারতীয় দলের একজন প্রকৃত ম্যাচ উইনার এবং পঞ্চম দিনে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতকে অশ্বিনই ম্যাচে ফিরিয়ে এনেছিলেন। অশ্বিন নিয়মিত বিকশিত হচ্ছেন স্বীকার করে নিয়ে দ্রাবিড় পর্যবেক্ষণ করেছেন যে দিনের পর দিন উন্নতি না করলে কারওর পক্ষে অশ্বিনের মতো সাফল্য পাওয়া সম্ভব নয়।
“অশ্বিন ভারতের জন্য একজন প্রকৃত ম্যাচ উইনার, এমনকি আজও এই কঠিন উইকেটে যেভাবে আমাদের দিকে খেলা ঘুরিয়ে দিল, (এবং এছাড়াও) তৃতীয় দিন সকালে ১১ ওভারের সেই স্পেল দিয়ে যেভাবে ম্যাচে ফিরিয়ে আনল। আর আজকে ম্যাচে আমাদের টিকিয়ে রাখাই প্রমাণ করে তার দক্ষতা ও যোগ্যতা,” দ্রাবিড় বর্ষীয়ান অফ স্পিনারের প্রশংসা করার সময় বলেছেন।
আমি মনে করি সে বিকশিত হচ্ছে, উন্নতি করেই চলেছে। সে এমন একজন যে নিজের খেলা নিয়ে ভাবতে থাকে, পরিবর্তন করতে থাকে, বিকশিত হতে থাকে। সেজন্য আজ সে এখানে এসে পৌঁছেছে। অশ্বিন যা অর্জন করেছে তা আপনি নিয়মিত উন্নতি এবং বিকাশ ছাড়া অর্জন করা সম্ভব না,” দ্রাবিড় বলেছেন।
দ্রাবিড় আরও যোগ করেছেন যে অশ্বিনের সাথে কাজ করা তাঁর কাছে আনন্দদায়ক। “ড্রেসিংরুমে তার মতো কাউকে পাওয়া এবং তার সাথে কাজ করা আনন্দের ব্যাপার। এটা অসাধারণ এবং সে যা অর্জন করেছে তার জন্য সত্যিই খুশি,” রাহুল দ্রাবিড় উপসংহারে বলেছেন।