আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ
ফিল সল্টের আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে
আপডেট করা - Apr 19, 2023 7:50 pm

২০শে এপ্রিল, বৃহস্পতিবার, আইপিএল ২০২৩-এর ২৮তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (ডিসি) চলমান মরসুমে তাদের ষষ্ঠ ম্যাচে নামবে। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এই মরসুমে দুটি ম্যাচ জিতলেও আগের দুটি ম্যাচেই তারা হেরেছে। তবে দিল্লির অবস্থা বিশেষ ভালো নয়, কারণ পাঁচটি ম্যাচ খেলে একটিতেও জিততে সক্ষম হয়নি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল।
ডিসি এখনও তাদের উইনিং কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে এবং আসন্ন ম্যাচের আগে একাদশে বেশ কিছু পরিবর্তন এনে কাঙ্ক্ষিত জয় পেতে চায়বে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিদ্বন্দ্বিতা করার আগে দেখে নেওয়া যাক ডিসির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
ডিসির অন্যতম ভরসার জায়গা ছিল তাদের দুই বিস্ফোরক ওপেনার – ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। ওয়ার্নার রান পেলেও অত্যন্ত মন্থর গতিতে খেলছেন। ৫ ইনিংসে ২২৮ রান করে অস্ট্রেলিয়ান ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে থাকলেও, মাত্র ১১৬.৯২ স্ট্রাইক রেটে রান করায় দলের কাজে আসতে পারেননি তিনি। তাঁর সঙ্গী ওপেনার পৃথ্বী দুটি ডাকসহ পাঁচ ইনিংসে মাত্র ৩৪ রান করেছেন। কেকেআর ম্যাচই সম্ভবত পৃথ্বীর শেষ সুযোগ হতে চলেছে।
ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া মুস্তাফিজুর রহমান বাদ যেতে পারেন
উইকেটকিপার হিসেবে অভিষেক পোড়েল ভালো পারফর্ম করলেও, ব্যাট হাতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারেননি। ফলে তাঁকে বাদ দিয়ে উইকেটকিপার হিসেবে ফিল সল্টকে খেলিয়ে দেখতে পারে ডিসি। তিন ইনিংসে মণীশ পান্ডে একটি হাফ-সেঞ্চুরিসহ ৭৬ রান করেছেন এবং তাঁর অভিজ্ঞতা মিডল অর্ডারকে দৃঢ়তা দিতে সাহায্য করতে পারে।
তিন নম্বরে ব্যাটিং করে এখনও ব্যাট হাতে মিচেল মার্শ উল্লেখযোগ্য পারফর্ম্যান্স করতে পারেননি। তাই তাঁকে ব্যাটিং ক্রমে নীচের দিকে নামানো হতে পারে। অক্ষর প্যাটেল সাম্প্রতিক কালে ব্যাটার হিসেবে অসামান্য উন্নতি করেছেন এবং ১৬৫.৩৮ স্ট্রাইক রেটে ১২৯ রান করে অক্ষর প্রমাণ করেছেন যে আরও বেশী ওভারের জন্য তাঁকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হলে তিনি হতাশ করবেন না। সেক্ষেত্রে অক্ষরকে ছয়ে খেলানো হতে পারে।
সাত নম্বরে আগ্রাসী ইনিংসের জন্য রিপাল প্যাটেল বা আমান খানকে খেলিয়ে দেখতে পারে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল। ললিত যাদব কার্যকরী অফ-স্পিন বোলিং করে ভরসা যোগাচ্ছেন এবং তাঁর ব্যাটিংয়েও দক্ষতা থাকায় আট নম্বরে তাঁকে খেলানো হতে পারে।
মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন চেতন সাকারিয়া। অনরিখ নর্কিয়া ও কুলদীপ যাদব ব্যাটিং ক্রমের শেষ দুটি স্থানে তাঁদের স্থান ধরে রাখবেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করতে পারে ডিসি।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিল সল্ট (উইকেটকিপার), মণীশ পান্ডে, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, ললিত যাদব, চেতন সাকারিয়া, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মণীশ পান্ডে, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল/আমান খান, ললিত যাদব, চেতন সাকারিয়া, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, মুকেশ কুমার।