ভারতের টি-২০ দলে স্যামসনকে নিয়মিত দেখতে চান হর্ষ ভোগলে
৩২ বলে ৬০ রানের চমকপ্রদ ইনিংস খেলেছেন স্যামসন
আপডেট করা - Apr 17, 2023 2:56 pm

১৬ই এপ্রিল, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৬তম মরসুমের ২৩তম ম্যাচে গুজরাত টাইটান্সকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন (৩২ বলে ৬০) এবং শিমরন হেটমায়ার (২৬ বলে ৫৬*) দুরন্ত হাফ সেঞ্চুরি করে আরআরকে চার বল বাকী থাকতে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২.৫ ওভারে আরআরের স্কোর যখন ৪/২, রখন চাপের মুখে ব্যাটিং করতে এসেছিলেন স্যামসন। প্রাথমিকভাবে সময় নিলেও, ২৮ বছর বয়সী একবার সেট হয়ে যাওয়ার পরে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন এবং যখন আউট হন তখন দলের স্কোর ১৫ ওভারে ১১৪/৫। তিনি মঞ্চ তৈরী করে দেওয়ার পরে হেটমায়ার বাকী কাজটি সম্পূর্ণ করেন।
স্যামসনের বীরত্বপূর্ণ ইনিংসের পরে অনেকেই তাঁর প্রশংসা করেছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ভারতীয় টি-টোয়েন্টি দলে স্যামসনের নির্বাচনের আহ্বানও জানান। ভোগলে টুইটারে লিখেছেন, “আমি প্রতিদিন ভারতীয় টি-টোয়েন্টি দলে সঞ্জু স্যামসনকে খেলাব।”
I would play Sanju Samson in the Indian T20 team every day.
— Harsha Bhogle (@bhogleharsha) April 16, 2023
২০১৫-তে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে স্যামসন এখনও পর্যন্ত মাত্র ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন এবং একটি অর্ধশতকসহ তাঁর সংগ্রহে ৩০১ রান রয়েছে। কেরালায় জন্মগ্রহণকারী এই ক্রিকেটার তাঁর ওডিআই কেরিয়ারে দুটি অর্ধশতকসহ ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন ১১টি ওডিআই খেলে।
তাঁর উত্তেজক পারফর্ম্যান্সের মাধ্যমে বারবার নির্বাচকদের দরজায় কড়া নাড়লেও, স্যামসন প্রায়শই নির্বাচকদের দ্বারা উপেক্ষিত হয়েছেন। যার ফলে তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থনে সোচ্চার হয়েছে। চোটের কারণে ঋষভ পান্ত এখন দলের বাইরে থাকায়, উইকেটকিপার-ব্যাটার হিসেবে আগামী অক্টোবর-নভেম্বরে আয়োজিত ওডিআই বিশ্বকাপ এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর নির্বাচনের সম্ভাবনা বেড়েছে।
টানা তৃতীয় জয় পেল রাজস্থান রয়্যালস
টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করে জিটি স্কোর বোর্ডে ১৭৭/৭ তুলেছিল মূলত ডেভিড মিলারের ৩০ বলে ৪৬ এবং শুবমান গিলের ৩৪ বলে ৪৫ রানের সৌজন্যে। রয়্যালসের হয়ে সন্দীপ শর্মা সেরা বোলার ছিলেন এবং চার ওভারে মাত্র ২৫ রান ২ উইকেট নিয়েছিলেন তিনি।
জবাবে আরআর এক সময়ে ১০.৩ ওভারে ৫৫ রানে ৪ উইকেট হারিয়েছিল। তবে, স্যামসন ও হেটমায়ার বিস্ফোরক ব্যাটিং করে দলের জয়ের ধারা অব্যাহত রাখেন। এই জয়ের পরে রাজস্থান পাঁচ ম্যাচে চারটি জয় নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।