নিজেদের পরবর্তী ম্যাচ খেলার জন্য মুম্বাইতে পৌঁছলো নাইট বাহিনী
আপডেট করা - Apr 15, 2023 10:03 pm

১৬ই এপ্রিল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হবে। নিজেদের পরবর্তী ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ে পৌঁছে গেছে নীতিশ রানার নেতৃত্বাধীন দল।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কেকেআর। তারা এখনও অবধি ৪টি ম্যাচ খেলেছে এবং ২টি ম্যাচে জয়লাভ করেছে। বর্তমানে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা হল ৪। তাদের নেট রান রেট হল +০.৭১১। অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এমআই এখনও অবধি ৩টি ম্যাচ খেলেছে এবং ১টি ম্যাচে জয়লাভ করেছে। বর্তমানে পাঁচবারের আইপিএল শিরোপা জয়ীদের পয়েন্ট সংখ্যা হল ২। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে এমআই।
আইপিএল ২০২৩-এ মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্ৰথম ২টি ম্যাচে পরাজিত হয়েছিল। তৃতীয় ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ৬ উইকেটে পরাজিত করে নিজেদের প্ৰথম ম্যাচে জয় পায় এমআই। এই ম্যাচের শেষ ওভারের শেষ বলে ২ রান নিয়ে নিজের দলকে ম্যাচ জিততে সাহায্য করেন টিম ডেভিড। ডিসির বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মা এবং তিলক ভার্মা ভালো রান পেয়েছিলেন। রোহিত ৪৫ বলে ৬৫ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। তিলক ১টি চার এবং ৪টি চার সহ ২৯ বলে ৪১ রান করেছিলেন। এই ম্যাচ জেতার পিছনে এমআইয়ের বোলারদেরও অনেক বড় ভূমিকা ছিল। পীযুষ চাওলা এবং জেসন বেহরেনডর্ফ বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফিরতে চাইবে কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্ৰথম ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে পরাজিত হওয়ার পর টানা দুটি ম্যাচে জয়লাভ করেছিল। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে (জিটি) পরাজিত করেছিল। কিন্তু এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আবার হারের মুখোমুখি হয় কেকেআর।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিং অনেক চেষ্টা করেও শেষমেশ দলকে ম্যাচ জেতাতে পারেননি। রানা এবং রিঙ্কু যথাক্রমে ৪১ বলে ৭৫ এবং ৩১ বলে ৫৮* রান করেছিলেন। এই ম্যাচের ভুলগুলি শুধরে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবশ্যই জয়ে ফেরার চেষ্টা করবে কেকেআর। অন্যদিকে, পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি করার ক্ষেত্রে কেকেআরের বিরুদ্ধে জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ।