মানসিক সমস্যা নয়, রাহানের সমস্যা অনিশ্চিত ফুটওয়ার্ক, মত প্রজ্ঞান ওঝার

কানপুর টেস্টে ব্যর্থ হওয়ায় রাহানের উপর চাপ আরও বাড়ল বলে মনে করেন তিনি

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

ভারতের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা মনে করেন ব্যাট হাতে আজিঙ্কা রাহানের ক্রমাগত দুর্ভোগের সাথে খেলার মানসিক দিকটির কোনও সম্পর্ক নেই। ওঝা মনে করেন যে রাহানের অনিশ্চিত ফুটওয়ার্ক তাঁর খেলার প্রধান সমস্যা, যা তাঁকে ক্রমাগত সমস্যায় ফেলেছে। 

বিরাট কোহলি বিশ্রামের জন্য প্রথম টেস্ট থেকে সরে দাঁড়ানোয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক মনোনীত হয়েছেন রাহানে। রবিবার দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের বলে ৪ রানে এলবিডব্লিউ আউট হন তিনি। অ্যাজাজের একটি লেংথ বল পিচে পড়ার পর টার্ন না করে সোজা থাকায় রাহানে বলের লাইন মিস করেন এবং বল সোজা এসে প্যাডে লাগে।

কানপুর টেস্টের ৪র্থ দিন সকালে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়। লাঞ্চের আগে ভারত যে চার উইকেট হারায় তার মধ্যে রাহানে একজন। প্রথম ইনিংসে রাহানেকে শুরুতে ছন্দে দেখাচ্ছিল, কিন্তু ৩৫ রানে কাইল জেমিসনের বলে বোল্ড হন। 

রাহানের অনিশ্চিত ফুটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত বলেছেন প্রজ্ঞান ওঝা 

রাহানের দুর্দশার বিশ্লেষণ করে, ওঝা ক্রিকবাজে আলোচনার সময় বলেছেন যে অভিজ্ঞ ব্যাটারকে তাঁর ফুটওয়ার্ক শোধরাতে হবে। তিনি মন্তব্য করেছেন, “মনে করবেন না অজিঙ্কা রাহানে মানসিকভাবে বিপর্যস্ত, তবে, টেকনিকের দিকে তাকালে বোঝা যাবে তাঁর ফুটওয়ার্ক সমস্যা আছে। যখন আপনার পায়ের কাজ সঠিক হয় না, তখন আপনি সমস্যায় পড়তে বাধ্য।” 

ওঝা স্বীকার করেছেন যে শ্রেয়াস আইয়ার অভিষেকে সেঞ্চুরি করায় মুম্বাইতে দ্বিতীয় টেস্টের আগে রাহানের উপর চাপ বাড়বে, কারণ পরের ম্যাচে কোহলিও ফিরবেন। ওঝা যোগ করেছেন, “চাপ সবসময়ই থাকে কিন্তু যখন আপনি একজন সিনিয়র ব্যাটার হয়ে যান এবং যখন আপনি জানেন যে একজন জুনিয়র ব্যাটার এসে অভিষেকে সেঞ্চুরি করেছে তখন সেটা বেড়ে যায়। এছাড়া (হনুমা) বিহারীর মতো একজন আছেন, যিনি সুযোগ পেলেই ভালো করেন।”

গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর থেকে রানের জন্য লড়াই করতে হচ্ছে রাহানেকে। তার টেস্ট গড়ও ৪০-এর নিচে নেমে গেছে।

পূজারার আউট সম্পর্কে বলতে গিয়ে ওঝা বলেছেন, “সাউদি এবং জেমিসন ক্রমাগত পূজারাকে চাপে রেখেছেন। তারা জানত যে বল ঢুকছে নাকি বাইরে যাচ্ছে সেই নিয়ে পুজারা অনিশ্চিত। পিচ আপ ডেলিভারি কীভাবে খেলবেন তা নিয়েই ভাবছিলেন পূজারা। সুইং করা বলও তাকে সাহায্য করছিল না। এবং তারপরে, একটা বাউন্সারে পরাস্ত হল। এতেই বোঝা যায় নিউজিল্যান্ড কতটা ভালো পরিকল্পনা করেছে। তারা জানে কী কৌশল ব্যবহার করতে হবে।”

১৪ রানে ১ উইকেট থেকে দিন শুরু করে, ভারতকে ৫ উইকেটে ৫১ রানে বিধ্বস্ত দেখাচ্ছিল। সেখান থেকে শ্রেয়াস আইয়ার রবি অশ্বিনকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।  

close whatsapp