আরসিবির বিরুদ্ধে নিজের খেলা ধীরগতির ইনিংসের ব্যাপারে মুখ খুললেন এলএসজির অধিনায়ক কেএল রাহুল
আপডেট করা - Apr 11, 2023 1:17 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৫ তম ম্যাচে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে আরসিবিকে ১ উইকেটে পরাজিত করে এলএসজি। ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে শেষ বলে জয় পায় কেএল রাহুলের নেতৃত্বাধীন দল। এই রুদ্ধশ্বাস ম্যাচে এলএসজি জেতানোর পিছনে সবথেকে বড় অবদান ছিল মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরানের। তবে অধিনায়ক কেএল রাহুল ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি। তিনি ২০ বলে ১৮ রানের একটি ধীরগতির ইনিংস খেলেন।
এলএসজির অধিনায়ক কেএল রাহুল বলেছেন যে তিনি ব্যাট হাতে বেশি রান করলে তার স্ট্রাইক রেটও বেড়ে যায়। তিনি জানিয়েছেন যে পাওয়ারপ্লেতে ৩ উইকেট পড়ে যাওয়ার পর তার যে কাজটি সঠিক মনে হয়েছিল তিনি সেই কাজটিই করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে তিনি যদি নিকোলাস পুরানের সঙ্গ দিতে পারতেন তাহলে এলএসজি খুব সহজেই ম্যাচটি জিতে যেত।
ম্যাচ পরবর্তী উপস্থাপনায় কেএল রাহুল বলেন, “আমি বেশি রান করতে চাই এবং আমার মনে হয় আমি বেশি রান করলে; স্ট্রাইক রেটও বেড়ে যায়। আমরা লখনউতে কঠিন উইকেটে কয়েকটি ম্যাচ খেলেছি। আজ আমরা ৩ উইকেট হারিয়েছিলাম তাই সেই পরিস্থিতিতে যে কাজটা আমার সঠিক মনে হয়েছিল সেই কাজটি করেছিলাম এবং যদি আমি আমার ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারতাম এবং শেষ পর্যন্ত সেখানে থাকতে পারতাম এবং নিকি (নিকোলাস পুরান) এর সঙ্গ দিতে পারতাম, তাহলে ম্যাচটি অনেক সহজে জিতে যেতাম। কয়েকটি ভালো ইনিংস খেলতে পারলে আমার আত্মবিশ্বাস বাড়বে এবং স্ট্রাইক রেটও।”
নিকোলাস পুরান এবং মার্কাস স্টয়নিসের দুর্দান্ত ইনিংসের হাত ধরে আরসিবিকে পরাজিত করে এলএসজি
এক সময় মনে হচ্ছিল যে আরসিবি খুব সহজেই কেএল রাহুলের দলকে পরাজিত করবে। পাওয়ারপ্লেতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল এলএসজি। কিন্তু মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরানের দুর্দান্ত ইনিংসের হাত ধরে জয় পায় এলএসজি। স্টয়নিস এবং পুরান যথাক্রমে ৩০ বলে ৬৫ এবং ১৯ বলে ৬২ রান করেন।
এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে এলএসজি। কেএল রাহুলের দল এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৩টি ম্যাচ জিতেছে। বর্তমানে তাদের নেট রান রেট হল +১.০৪৮।