আরসিবিকে হারানোর পরে পুরো চিন্নাস্বামী স্টেডিয়ামকে চুপ করিয়ে দিলেন গৌতম গম্ভীর

শেষ বলের থ্রিলারে ১ উইকেটে ম্যাচ জিতেছিল এলএসজি

Gautam Gambhir
Gautam Gambhir. (Image Source: Twitter)

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মেন্টর গৌতম গম্ভীর ১০ই এপ্রিল, সোমবার, বেঙ্গালুরুতে ম্যাচের পরে আগ্রাসী মেজাজে ছিলেন। আইপিএল ২০২৩-এর ১৫তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র বিরুদ্ধে তাঁর দলের রোমাঞ্চকর জয় উদযাপন করতে গিয়ে শান্ত থাকতে পারেননি তিনি। ডাগ-আউটে থাকাকালীন গম্ভীর প্রথমে তাঁর আসন থেকে লাফ দিয়ে আনন্দে বাতাসে ঘুষি মেরেছিলেন।

এরপরে মাঠে প্রবেশ করে উত্তেজিত অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল তাঁকে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত দর্শক যখন আয়োজক দল আরসিবির হারে মূহ্যমান, তখন গম্ভীরকে দেখা যায় ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করার ইঙ্গিত করছেন। উল্লেখ্য, আরসিবির ঘরের মাঠের দর্শকরা বরাবরের মতো এই ম্যাচেও তাঁদের প্রিয় দলের সমর্থনে পুরো ম্যাচ মাতিয়ে রেখেছিলেন কিন্তু শেষ বলে আরসিবি হেরে যাওয়ায় তাঁরা স্তম্ভিত হয়ে যান।

এর আগের মরসুমে দুটি সাক্ষাতে হারলেও লখনউ সুপার জায়ান্টস সফলভাবে ২১৩ রান তাড়া করে আরসিবির বিরুদ্ধে তাদের প্রথম জয় পেয়েছে। তাই ম্যাচের শেষে স্বাভাবিকভাবেই গম্ভীর নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

নাটকীয়তায় ভরপুর আরসিবি বনাম এলএসজি ম্যাচ

সোমবারের থ্রিলারে পুরো ম্যাচে মোট ২৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটাররা। তবে ম্যাচের নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হয়েছিল শেষ ডেলিভারি পর্যন্ত। শেষ ওভার করতে আসা হার্শাল প্যাটেলকে আটকাতে হত পাঁচ রান। প্রথম পাঁচ বলে মাত্র চার রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন ডান-হাতি পেসার। শেষ ডেলিভারি করার সময় লখনউকে জেতার জন্য এক রান করতে হত এবং তাদের হাতে ছিল এক উইকেট।

ডেলিভারিটি করতে এসে বোলার নন-স্ট্রাইকারের প্রান্তে দাঁড়ানো রবি বিষ্ণোইকে রান আউট করার চেষ্টা করলেও, বলটি স্টাম্পে লাগাতে পারেননি তিনি। বড় সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। শেষ বলে হার্শালের স্লোয়ার ডেলিভারি আভেশ খান ব্যাটে লাগাতে পারেননি এবং উইকেটকিপার দীনেশ কার্তিক প্রথম প্রচেষ্টায় বলটি ধরতে ব্যর্থ হন।

দ্বিতীয় প্রচেষ্টায় কার্তিক বলটি নন-স্ট্রাইকারের প্রান্তে ছুঁড়লেও, ততক্ষণে আভেশ খান ক্রিজে পৌঁছে যান এবং বাইয়ের মাধ্যমে এক রান সম্পূর্ণ করে ম্যাচ জিতে যায় এলএসজি। জয়ের পরে আভেশ খানও উত্তেজনা প্রকাশ করেছিলেন এবং মাথা থেকে হেলমেট খুলে মাটিতে ছুঁড়ে মারেন। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করায় আভেশকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি তাঁর দোষ স্বীকার করেছেন।

close whatsapp