আইপিএল ২০২৪-এ অংশগ্রহণ করা নিয়ে মুখ খুললেন স্টিভ স্মিথ

Steve Smith
Steve Smith. (Photo Source: Steve Smith/Instagram Story)

অভিজ্ঞ অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ জানিয়েছেন যে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ খেলার জন্য নিজের নাম নিলামে নথিভুক্ত করবেন। প্রসঙ্গত উল্লেখ্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্মিথ অংশগ্রহণ করেননি। তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একজন ভক্তের প্রশ্নের উত্তর দেওয়ার সময় পরের আইপিএল মরসুমে উপলব্ধ থাকার কথা বলেন।

প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার পর স্টিভ স্মিথ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। বর্ডার-গাভাস্কার ট্রফির ১৭ দিন পর থেকেই শুরু হয়েছে আইপিএলের ১৬ তম সংস্করণ। তিনি সেইসব বড় বড় খেলোয়াড়দের মধ্যে একজন যারা আইপিএলের এই মরসুমে খেলছেন না। গুজরাট টাইটান্সের (জিটি) হয়ে প্ৰথম ম্যাচে খেলতে নেমে কেন উইলিয়ামসন চোট পান যার কারণে তিনি আইপিএলের ১৬ তম সংস্করণ থেকে ছিটকে যান। এরপর থেকেই একটি গুজব শোনা যাচ্ছিল যে তার পরিবর্ত খেলোয়াড় হিসেবে জিটি স্টিভ স্মিথকে দলে নেবে।

অস্ট্রেলিয়ার হয়ে নিজের দায়িত্ব পালন করার জন্য এবারের আইপিএলের নিলামে অংশগ্রহণ করেননি বলে জানালেন স্টিভ স্মিথ

যেহেতু স্টিভ স্মিথ আইপিএল ২০২৩-এ খেলার জন্য নিলামে নিজের নাম নথিভুক্ত করেননি সেই কারণে পরিবর্ত খেলোয়াড় হিসেবে খেলার জন্য তিনি উপলব্ধ ছিলেন না। এবারের আইপিএলে তার অংশগ্রহণ না করার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের হয়ে নিজের দায়িত্ব পালন করার জন্যই তিনি এবারের আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএল শেষ হওয়ার পর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। স্মিথ এই বছরের শুরুতে বিগ ব্যাস লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে পরপর দুটি ম্যাচে শতরান করেন।

একটি প্রশ্নোত্তর সেশনে স্টিভ স্মিথ বলেন, “আমি নিলামে আমার নাম রাখিনি কারণ এটি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি খুব বড় বছর। আমি পরের বছর আমার নাম রাখব এবং যদি কেউ আমাকে দলে নেয় তবে সেটি আমার জন্য দারুন ব্যাপার হবে।”

তিনি বর্তমানে আইপিএল ২০২৩-এর জন্য স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি আইপিএলে শেষবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২১ সালের মরসুমে খেলেছিলেন। পরের বছরের আইপিএলের নিলামে তিনি অবিক্রিত ছিলেন।

 

close whatsapp