“লড়াকু মনোভাব দেখিয়েছে” – সুয়াশের প্রথম ম্যাচের পারফর্ম্যান্সে সন্তুষ্ট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
অভিষেক ম্যাচে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সুয়াশ
আপডেট করা - Apr 7, 2023 5:07 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-র বিরুদ্ধে তাদের জয়ের পরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চন্দ্রকান্ত পণ্ডিত তরুণ স্পিনার সুয়াশ শর্মার পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে ৬ই এপ্রিল, বৃহস্পতিবার, চলমান আইপিএলের নবম ম্যাচে আরসিবির বিরুদ্ধে কেকেআরের ৮১ রানে জয়ে সুয়াশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আইপিএলে তাঁর প্রথম ম্যাচেই অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক ও কর্ণ শর্মার উইকেট তুলে ব্যাপক প্রভাব রেখেছিলেন তিনি। চন্দ্রকান্তর মতে, সুয়াশ বাতাসে খুব দ্রুত বল ছাড়েন যা ব্যাটারদের পক্ষে তাঁর মোকাবিলা করা কঠিন করে তোলে। তিনি আরও বলেছেন যে খেলা চলাকালীন তরুণ খেলোয়াড় লড়াইয়ের মনোভাব দেখিয়েছিলেন।
“আমরা তাকে (সুয়াশ) ট্রায়াল ম্যাচে দেখেছি। সে বাতাসে খুব দ্রুত, এবং তাকে মোকাবিলা করা খুব কঠিন। অনভিজ্ঞতা আছে, তবে সে লড়াকু মনোভাব দেখিয়েছে,” বলেছেন চন্দ্রকান্ত।
আমরা আশা করেছিলাম পিচ স্পিনারদের সাহায্য করবে: চন্দ্রকান্ত পণ্ডিত
কেকেআর কোচ ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন বিশাল স্কোর খাড়া করার মানসিকতা দেখানোর জন্য। তিনি বলেছেন যে কেকেআর প্রথম দিকে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল, কিন্তু তারপরেও ২০০ রানের বেশী লক্ষ্য নির্ধারণ করা বিশাল ব্যাপার।
“এটা একটা ভালো জয়। ছেলেরা দৃঢ়তা দেখিয়েছে। প্রাথমিক পর্যায়ে যেখানে ছিলাম, সেখান থেকে উইকেট হারিয়ে ২০০ রানের বেশী করে ফিরে এসেছি। আমরা শুধু আশা করেছিলাম পিচ স্পিনারদের সাহায্য করবে। কিন্তু তার জন্য যথেষ্ট রান দরকার। শার্দূল ও রিঙ্কু সিং (৩৩ বলে ৪৬) বিপক্ষকে পাল্টা আক্রমণ করেছিল,” তিনি যোগ করেছেন।
আরসিবি টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। ওপেনার রহমানউল্লাহ্ গুরবাজ (৪৪ বলে ৫৭) এবং অলরাউন্ডার শার্দূল ঠাকুর (২৯ বলে ৬৮) অর্ধশতক হাঁকিয়ে নীতীশ রানার নেতৃত্বাধীন দলকে সাত উইকেটে ২০৪ রানে পৌঁছে দেন। রিঙ্কু অসাধারণ ক্যামিও খেলেছিলেন। আরসিবির হয়ে ডেভিড উইলে ও কর্ণ শর্মা দুটি করে উইকেট নেন। মাইকেল ব্রেসওয়েল, মহম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল নেন একটি করে উইকেট।
বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসি দ্রুত গতিতে রান তাড়া শুরু করলেও কেকেআর স্পিনারদের আনতেই ভেঙে পড়ে আরসিবির ব্যাটিং। সুনীল নারিন কোহলিকে (২১) আউট করে প্রথম ধাক্কা দেন এবং বরুণ চক্রবর্তী শীঘ্রই ডু প্লেসিকে আউট করেন। চক্রবর্তী আরও তিনটি উইকেট নেন এবং নারিনের শিকার হন আরও এক ব্যাটার। কেকেআরের স্পিনাররা মোট ৯ উইকেট নিয়েছিলেন পুরো ম্যাচে।