রিস টপ্লে এবং রজত পতিদারের পরিবর্ত খেলোয়াড় হিসেবে ওয়েন পার্নেল এবং ভাইশাক বিজয় কুমারকে সই করাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আপডেট করা - Apr 7, 2023 3:55 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ চোট-আঘাতের সমস্যার কারণে খুবই সমস্যার মধ্যে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তাদের টপ অর্ডার ব্যাটসম্যান রজত পতিদার প্ৰথম থেকেই চোটপ্রাপ্ত ছিলেন। পরে আরসিবি জানায় যে তিনি আইপিএলের ১৬ তম সংস্করণে অংশগ্রহণ করতে পারবেন না। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে প্ৰথম ম্যাচে চোট পান বাঁ-হাতি পেসার রিস টপ্লে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আরসিবির প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার জানান যে রিস টপ্লে এই মরসুমে আর খেলতে পারবেন না।
এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বাইরে চলে যাওয়ার পর তাদের পরিবর্ত খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি পেসার ওয়েন পার্নেল এবং কর্ণাটকের ব্যাটসম্যান ভাইশাক বিজয় কুমারকে সই করাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ওয়েন পার্নেল খুবই অভিজ্ঞ একজন বোলার। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তিনি এখনও পর্যন্ত ৫৬টি টি-২০ ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন। তার স্ট্রাইক রেট এবং ইকোনমি রেট হল যথাক্রমে ১৮.৫ এবং ৮.২৯। তিনি এর আগেও আইপিএল খেলেছেন। তিনি ২০১০ সালের মরসুমে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এবং তারপরে ২০১১ থেকে ২০১৩ সালের মরসুম পর্যন্ত পুনে ওয়াড়িয়ার্স ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন।
ভাইশাক বিজয় কুমারকে ২০ লাখ টাকা দিয়ে সই করিয়েছে আরসিবি। তিনি ১৪টি টি-২০ ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন। এর আগে উইল জ্যাকসও চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গিয়েছিলন। তার পরিবর্ত খেলোয়াড় হিসেবে নিউ জিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে সই করিয়েছিল আরসিবি।
নিজেদের তৃতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কেকেআরের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসেএ মুখোমুখি হবে আরসিবি। ১০ই এপ্রিল, সোমবার নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্ৰথম ম্যাচে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনেক বড় জয় পেয়েছিল আরসিবি। কিন্তু দ্বিতীয় ম্যাচে তাদের ততটাই বড় হারের মুখোমুখি হতে হয়। কেকেআরের স্পিনারদের সামনে আরসিবির কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। বিরাট এবং ডু প্লেসিস বাদে তাদের আর কোনো ব্যাটসম্যান ২০ রানের উপরে যেতে পারেননি। নিজেদের তৃতীয় ম্যাচে অবশ্যই আবার ছন্দে ফিরতে চাইবে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল।