জেসন রয়কে সই করাল কলকাতা নাইট রাইডার্স

Jason Roy
Jason Roy. (Photo Source: Twitter)

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমের জন্য ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জেসন রয়কে সই করাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রয়ের নূন্যতম মূল্য ছিল ১.৫ কোটি টাকা। কেকেআর তাকে ২.৮ কোটি টাকা দিয়ে দলে যুক্ত করল।

দলে একাধিক খেলোয়াড় আইপিএল ২০২৩-এ খেলতে পারবেন না বলে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল কেকেআর। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবারের আইপিএল মরসুমে খেলতে পারবেন না। এরপর আরো একটি ধাক্কা খায় কেকেআর। অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোটের কারণে আইপিএলের ১৬ তম সংস্করণ থেকে ছিটকে যান। তিনি দলে না থাকায় কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন নীতিশ রানা। এরপর অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও ব্যক্তিগত কারণে আইপিএল ২০২৩-এ খেলবেন না বলে জানান। এতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে না থাকাটা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল দুবারের আইপিএল চ্যাম্পিয়নদের জন্য।

জেসন রয় খুবই প্রতিভাবান একজন ব্যাটসম্যান। ২০২১ সালের মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) হয়ে তিনি শেষবার আইপিএল খেলেছিলেন। সেই মরসুমে ৫টি ম্যাচ খেলে ১৫০ রান করেছিলেন তিনি। তিনি আইপিএলে এখনও অবধি ব্যাট হাতে খুব বেশি কিছু করতে না পারলেও এই মরসুমে তার কাছে সুযোগ রয়েছে বড় কিছু করার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স

৬ই এপ্রিল, নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে কেকেআর। এবারের আইপিএলে নীতিশ রানার নেতৃত্বাধীন দলের শুরুটা ভালো হয়নি। ডিএলএস পদ্ধতির মাধ্যমে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পঞ্জাব কিংসের (পিবিকেএস) কাছে ৭ রানে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআরের ব্যাটিং এবং বোলিং বিভাগের প্রদর্শন খুব একটা ভালো হয়নি। কেকেআর দলের অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদি ২টি উইকেট নিলেও তার বিনিময়ে ৫৪ রান দেন। শার্দুল ঠাকুর এবং সুনীল নারিনও বল হাতে ভালো প্রদর্শন করতে পারেননি। ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখিও হতে হয়েছিল কেকেআরকে।

অন্যদিকে আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচে ৮ উইকেটে জয় পায়। ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp