গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করল দিল্লি ক্যাপিটালস দল
আপডেট করা - Apr 4, 2023 8:53 pm

৪ঠা এপ্রিল, মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের সপ্তম ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। চার বছর পর নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু দর্শকরা ঋষভ পন্থকে মাঠে খেলতে দেখতে পাবেন না। ২০২২ সালের ডিসেম্বর মাসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি। সেই কারণে আইপিএল ২০২৩-এ একটিও ম্যাচ খেলতে পারবেন না ঋষভ।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে দিল্লি ক্যাপিটালস দল একটি ভিডিওর মাধ্যমে ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছে। এই ভিডিওতে পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, রোভম্যান পাওয়েল, কুলদীপ যাদব, কমলেশ নাগারকোটি এবং আরও অনেকে ঋষভকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে তারা তাকে সাজঘরে কতটা মিস করছেন।
আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে পৃথ্বী শ বলেন, “আমি আশা করি আপনি ভাল হয়ে উঠছেন। দেখ রাহা হু তেরে ভিডিও আব ধিরে ধীরে চল রাহা হ্যায় (আমি আপনার ভিডিও দেখেছি আপনি ধীরে ধীরে হাঁটতে সক্ষম হচ্ছেন)। ছোট ছোট পা ফেলতে পারছেন । আপনি যেভাবে সেরে উঠছেন তা দেখে সত্যিই খুশি।”
অক্ষর প্যাটেল বলেন, “আমরা ৩-৪ বছর পর দিল্লিতে খেলব। আমরা আপনাকে মিস করব। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকটা সুস্থ হয়ে উঠছেন। আপনি সেরে ওঠার জন্য আধ ঘন্টা পুলে কাটাচ্ছেন। সুতরাং, এটি একটি বড় ব্যাপার।”
রোভমান পাওয়েল বলেন, “আমি আশা করি আপনি ভালোভাবে সেরে উঠবেন। আমি জানি আপনি আমাদের সমর্থন করছেন এবং আমরা আপনার জন্য এটি জেতার চেষ্টা করব ভাই।”
Get Well Soon, Rishabh! 👍 👍
Wishes pour in for @RishabhPant17 as @DelhiCapitals gear up for their first home game of the #TATAIPL 🤗 #DCvGT pic.twitter.com/w8Sp0B4ZTF
— IndianPremierLeague (@IPL) April 4, 2023
শুরুতেই উইকেট হারিয়ে সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে দিল্লি ক্যাপিটালস। ওপেনার পৃথ্বী শ এবং মিচেল মার্শ দুজনেই মোহাম্মদ শামির শিকার হন।
ডেভিড ওয়ার্নার শুরুটা ঠিকঠাক করলেও বড় রান করতে ব্যর্থ হন। তিনি ৩২ বলে ৩৭ রান করে আলজারি জোসেফের বলে আউট হন। রাইলি রসো প্রথম বলেই আউট হন। ৪ উইকেট হারিয়ে এই মুহূর্তে সমস্যার মধ্যে পড়ে গেছে দিল্লি ক্যাপিটালস। শেষমেশ তারা কত রান করে সেটাই এখন দেখার বিষয়।