নাইটদের প্রথম ম্যাচেই বৃষ্টির ভ্রূকুটি, ম্যাচ পণ্ড হওয়ার মুখে

গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল কেকেআরের প্র্যাক্টিস

KKR Practice cancelled
Rain in PCA stadium. (Image Source: Twitter)

১লা এপ্রিল, শনিবার, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংস আইপিএল ২০২৩-এ অভিযান শুরু করবে, তবে মোহালির বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচ আয়োজিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। তিন মরসুমের বিরতির পরে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের প্রত্যাবর্তন হবে। যদিও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ। ফলে ম্যাচ আয়োজন সংকটের মুখে।

আইপিএল ২০২৩ মরসুমের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস এবং চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পরে ফ্যানরা পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আরও একটি হাই-ভোল্টেজ ম্যাচের প্রত্যাশা করছেন। তবে বৃষ্টি সেই প্রত্যাশায় জল ঢালতে পারে।

দুটি দলই নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে

অভিজ্ঞ ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের নেতৃত্বে একটি নতুন চেহারার পাঞ্জাব দল আশা করবে যে কলকাতার বিরুদ্ধে তাদের হোম ম্যাচের জন্য বৃষ্টি যেন দূরে থাকে। গত বছরের টুর্নামেন্টে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পরে পাঞ্জাব প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলেকে সরিয়ে দেয় এবং এমনকি মায়াঙ্ক আগারওয়ালকেও দলের অধিনায়ক হিসাবে বরখাস্ত করে।

তারা ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার স্যাম কারানকে কেনার জন্য রেকর্ড ভেঙে দেয়, এবং প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে ১৮.৫০ কোটি টাকায় কেনে তাঁকে। পাঞ্জাব তাদের গত আট মরসুমের প্রতিটিতে প্লে-অফে যেতে ব্যর্থ হয়েছে এবং আশা করবে যে বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেলিস এবার তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স গুরুতর ধাক্কা খেয়েছে কারণ অধিনায়ক শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে গেছেন। আইপিএল ২০২৩-এর জন্য অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসাবে নীতীশ রানাকে নিয়োগ করেছে কেকেআর। তাদের প্রতিপক্ষের মতো নাইট রাইডার্সও তাদের কোচিং স্টাফের নাম পরিবর্তন করেছিল। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের বর্ষীয়ান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এসেছেন প্রধান কোচ হিসেবে।

মোহালির পিচটি ব্যাটিংয়ের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এবং বৃষ্টির দেবতা অনুমতি দিলে সমর্থকরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। উভয় দলই এই মরসুমে প্রথমবারের মতো নতুন অধিনায়কের অধীনে মাঠে নামবে এবং টুর্নামেন্টের ১৬তম সংস্করণে তাদের সেরাটা দেওয়ার আশা রাখবে।

close whatsapp