উদ্বোধনী ম্যাচে রুতুরাজ গায়কওয়াড় ও রাজবর্ধন হাঙ্গারগেকারের পারফরম্যান্সের প্রশংসা করলেন মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

৩১শে মার্চ, শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্স (জিটি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হয়েছিল। প্ৰথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে-কে পরাজিত করেছেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন জিটি। সিএসকের অধিনায়ক এমএস ধোনি জানিয়েছেন যে এই ম্যাচে মিডিল অর্ডার তাদের হতাশ করেছে। তবে ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ৫০ বলে ৯২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন কিন্তু মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ঠিকঠাকভাবে তার সঙ্গ দিতে পারেননি। শেষমেশ ২০ ওভারে ১৭৮ রান করেছিল চেন্নাই সুপার কিংস।

এমএস ধোনি রুতুরাজ গায়কওয়াড় এবং তরুণ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। রুতুরাজের ব্যাটিং দেখা আনন্দের বলে তিনি জানিয়েছেন। এছাড়াও হাঙ্গারগেকারের ব্যাপারেও নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজবর্ধন হাঙ্গারগেকার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩টি উইকেট নেন।

ম্যাচ পরবর্তী উপস্থাপনায় মহেন্দ্র সিং ধোনি বলেন, “আমরা সবাই জানতাম শিশির থাকবে। ব্যাটিংয়ে আমরা আরও কিছু করতে পারতাম। রুতুরাজ (গায়কওয়াড়) অসাধারণ ছিল, সে সুন্দরভাবে বল টাইম করে এবং তাকে দেখাটা সত্যিই আনন্দের। তিনি যেভাবে তার বিকল্পগুলি বেছে নেন, তা দেখতে ভালো লাগে। আমি মনে করি তরুণদের জন্য পদক্ষেপ নেওয়াটা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি মনে করি রাজের (হাঙ্গারগেকার) গতি আছে এবং সময়ের সাথে সাথে সে ভালো হয়ে উঠবে। বোলাররা উন্নতি করবেন, নো-বল এমন একটি জিনিস যা আপনার নিয়ন্ত্রণে, তাই আপনাকে এটির উপর কাজ করতে হবে। আমি অনুভব করেছিলাম যে দুজন বাঁ-হাতি একটি ভাল বিকল্প হবে তাই আমি তাদের সাথেই এগিয়ে গেলাম। শিবম (দুবে) একটি বিকল্প ছিল, কিন্তু আমি সামগ্রিকভাবে বোলারদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম।”

শুভমন গিল এবং রাশিদ খানের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল গুজরাট টাইটান্স

রান তাড়া করতে নেমে শুরু থেকেই সুন্দরভাবে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যেতে থাকেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। ফর্মে থাকা ব্যাটসম্যান শুভমন গিল ৩৬ বলে ৬৩ রানের একটি দারুন ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়।

শেষে রাশিদ খান ব্যাট হাতে ৩ বলে অপরাজিত ১০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষমেশ ৫ উইকেটে এই ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স। ব্যাট এবং বল হাতে অসাধারণ পারফরম্যান্স করার জন্য রাশিদকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়।

close whatsapp