আইপিএলের আগে অনুশীলনের সময় একটি দুর্দান্ত ক্যাচ ধরতে দেখা গেল ভেঙ্কটেশ আইয়ারকে
আপডেট করা - Mar 31, 2023 3:41 pm

আইপিএলের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে এসেছেন। যার মধ্যে একজন হলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। আইয়ার ২০২১ সালে আইপিএলের দ্বিতীয় ভাগে কেকেআর দলের হয়ে কয়েকটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেইবার কেকেআরেট ফাইনাল খেলার পেছনে ভেঙ্কটেশ আইয়ারের অনেক বড় ভূমিকা ছিল। আইপিএলের ১৪ তম মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স করায় খুব শীঘ্রই ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬ তম সংস্করণ। তার আগেই ভেঙ্কটেশ আইয়ার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাচ অনুশীলন করার একটি রিল শেয়ার করেছেন।
এই রিলটি দেখে ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএলের আসন্ন মরসুমের জন্য একেবারে প্রস্তুত বলেই মনে হচ্ছে। ক্যাচ অনুশীলন করার সময় তাকে লাফিয়ে এক হাতে একটি দুর্দান্ত ক্যাচ ধরতে দেখা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ১লা এপ্রিল শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
অন্যদিকে আইপিএল ২০২৩-এ ভেঙ্কটেশ আইয়ারের দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স একজন নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। চোটের কারণে শ্রেয়াস আইয়ার দলে না থাকায় নীতিশ রানাকে অধিনায়কত্ব করার দায়িত্ব দিয়েছে কেকেআর। একজন নতুন অধিনায়কের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়।
ভারতের হয়ে ওডিআই এবং টি-২০-তে খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার
কলকাতা নাইট রাইডার্সের ২৮ বছর বয়সী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার ভারতীয় দলের হয়ে ওডিআইতে ২টি এবং টি-২০-তে ৯টি ম্যাচ খেলেছেন। কিন্তু সুযোগ পাওয়ার পর তিনি বেশিদিন জাতীয় দলে টিকে থাকতে পারেননি। ২০২২ সালের আইপিএলে ভেঙ্কটেশ খুব একটা ভালো প্রদর্শন করতে পারেননি। এরপর তিনি ঘরোয়া টুর্নামেন্টেও চোট পেয়েছিলেন। তাই তাকে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়।
শ্রেয়াস আইয়ারের খেলতে না পারাটা অব্যশই কলকাতা নাইট রাইডার্সের জন্য একটি অনেক বড় ধাক্কা। এছাড়াও প্যাট কামিন্স এই বছর আইপিএলে অংশগ্রহণ করবেন না। তবে কেকেআর দলে আরো অনেক অভিজ্ঞ এবং প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন যারা কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তবে শ্রেয়াসের না থাকায় অবশ্যই তাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যাত্রা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।