বাটার চিকেন খেয়ে গগনচুম্বী ছক্কা, ধোনির সঙ্গে প্রথম সাক্ষাতের কাহিনী জানালেন রায়না
ভারতীয় দল ও সিএসকের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন ধোনি ও রায়না
আপডেট করা - Mar 25, 2023 4:26 pm

প্রাক্তন ভারতীয় ব্যাটার সুরেশ রায়না ও কিংবদন্তী অধিনায়ক এমএস ধোনির বন্ধুত্বের সম্পর্ক অজানা নয়। ভারতের পাশাপাশি চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর হয়ে এই জুটি প্রায় এক দশক ধরে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়েছেন। তাঁদের মধ্যে অবিশ্বাস্য বোঝাপড়ার কারণে সাফল্য পেয়েছে ভারত ও সিএসকে।
সম্প্রতি রায়না জানালেন ধোনির সঙ্গে প্রথমবার দেখা হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে। মধ্যাঞ্চলের হয়ে ২০০৪-এ পুর্বাঞ্চলের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন একজন ধ্বংসাত্মক ব্যাটার হিসেবে ধোনির আত্মপ্রকাশ করার কথা জানতে পেরেছিলেন রায়না।
জিওসিনেমার একটি শোতে এমএস ধোনির পাওয়ার-হিটিংয়ের প্রাথমিক স্মৃতি সম্পর্কে সুরেশ রায়না বলেছেন, “আমরা ঝাড়খন্ডের লম্বা চুলের একজন খেলোয়াড় সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। সে নাকি মাঠের বাইরে ধারাবাহিকভাবে বল পাঠানোর জন্য পরিচিত। একদিন দেখলাম ধোনি ভাই চুপচাপ এক কোণে রুটি আর বাটার চিকেন খাচ্ছে। জ্ঞানু ভাই তাকে দেখে বলেছিলেন, ‘আমি সত্যিই মনে করি না সে আমাদের কোনো ক্ষতি করবে। সে তার খাবার উপভোগ করছে, তাকে তা করতে দাও।’ এরপরে সে গগনচুম্বী ছক্কা মারতে থাকল আর জ্ঞানু ভাইকে তার কথা গিলতে হয়েছিল।”
ধোনি আবেগ দেখিয়েছিল ম্যাচের পরিস্থিতির কারণে: সুরেশ রায়না
এমএস ধোনিকে খুব কম ক্ষেত্রেই মাঠে আবেগ প্রকাশ করতে দেখা গেছে। কিন্তু সুরেশ রায়না ২০১০ আইপিএলের এমন একটি মুহূর্তের কথা মনে রেখেছেন যখন ধোনি তাঁর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সেমিফাইনালে যোগ্যতা অর্জনের জন্য সিএসকেকে তাদের শেষ লিগ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হত এবং ধোনির অসামান্য ৫৪* রানের সৌজন্যে শেষ ওভারে জিতেছিল চেন্নাই। ম্যাচ জেতানোর পরে ধোনি অত্যন্ত আক্রমণাত্মকভাবে উদ্যাপন করেছিলেন এবং নিজেকে ঘুষিও মেরেছিলেন।
এই বিষয়ে রায়না বলেছেন, “সে লং-অনের উপর দিয়ে একটি বড় শট মারে এবং তারপরে তার হেলমেটে ঘুষি মেরেছিল। কোনো ম্যাচে বা কোনো পরিস্থিতিতেই আমি তাকে কখনোই তেমনটি করতে দেখিনি। সবাই তাকে ক্যাপ্টেন কুল হিসেবেই জানত, কিন্তু সে যে আবেগ দেখিয়েছিল তা ছিল ম্যাচের পরিস্থিতির কারণে।”
আইপিএল ২০২৩-এ দীর্ঘ চার বছর পরে সিএসকে তাদের হোম গ্রাউন্ডে খেলার জন্য এমএ চিদম্বরম স্টেডিয়ামে ফিরে আসবে। ধোনির নেতৃত্বাধীন সিএসকে মরসুমের প্রথম ম্যাচে ৩১শে মার্চ মুখোমুখি হবে গুজরাত জায়ান্টসের।