রোহিত অবাক হলেও লায়নের বিরুদ্ধে ছক্কা হাঁকাতে দ্বিধা করেননি গিল

১২৮ রানের দর্শনীয় ইনিংস খেলেছিলেন গিল

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথম দুই দিনের প্রায় পুরো সময় মাঠে থাকার পরে দ্বিতীয় দিনের শেষ দশ ওভারে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল ব্যাটিং করার সুযোগ পান। প্রাথমিকভাবে ঝুঁকিহীন ইতিবাচক ক্রিকেট খেললেও দিনের শেষ ওভারে গিলকে অভিজ্ঞ অফ-স্পিনার ন্যাথান লায়নের বিরুদ্ধে ছক্কা মারতে দেখে অবাক হয়েছিলেন পিচের অন্য প্রান্তে থাকা অধিনায়ক।

সেই শটটি স্মরণ করে গিল উল্লেখ করেছেন যে রোহিত অন্য প্রান্তে দাঁড়িয়ে অবাক হলেও তিনি নিজেকে সমর্থন করেছিলেন এবং আত্মবিশ্বাসী ছিলেন যে বলটিকে তিনি বাউন্ডারিতে পাঠাতে পারবেন। উল্লেখ্য, ২৩ বছর বয়সী ব্যাটার স্পিন বোলিং মোকাবিলায় অত্যন্ত পারদর্শী খেলোয়াড় এবং যেহেতু আহমেদাবাদের পিচটি বেশ সমতল, তাই গিল বড় শট খেলতে দ্বিধা বোধ করেননি।

“সে (রোহিত শর্মা) অবাক হয়েছিল। কিন্তু আমি তাকে বলেছিলাম এটা আমার শট। একজন অফ-স্পিনার যদি ভালো উইকেটে বোলিং করে, যেমনটায় আমরা খেলছি, সেক্ষেত্রে আগ্রাসী শট খেলাটা আমার ওপর নির্ভর করে। আমি ভেবেছিলাম এটা আমার শট এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে সেটা বাউন্ডারিতে পাঠাব,” ৩য় দিনের শেষে বলেছেন গিল।

শুবমান গিল সেঞ্চুরি করলেও ভারত এখনও নিরাপদ জায়গায় নেই

তৃতীয় দিনের তৃতীয় সেশনে ন্যাথান লায়ন তাঁকে আউট করার পরে শুবমান গিলের দুর্দান্ত ইনিংসটি সমাপ্ত হয়। ১২টি চার ও একটি ছক্কায় খচিত গিলের ১২৮ রান করেন। রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা আউট হওয়ার পরে ভারতীয় ব্যাটারদের উপর অনেক চাপ ছিল কিন্তু গিল ও বিরাট কোহলির মধ্যে ৫৮ রানের পার্টনারশিপ ভারতকে খানিকটা হলেও চাপমুক্ত করেছিল।

উল্লেখ্য, ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি চোদ্দ মাস পরে টেস্ট ফর্ম্যাটে হাফ-সেঞ্চুরি করেছেন। মাঝের ১৫টি ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হওয়ার পরে কোহলি এখন চায়বেন টেস্টে তাঁর তিন বছরের খরা কাটাতে। দিনের শুরুতে রবীন্দ্র জাডেজা (৮৪ বলে ২৮) আউট হলেও কোহলি ও অবশিষ্ট ব্যাটারদের নজর থাকবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস স্কোর ৪৮০-র কাছাকাছি পৌঁছতে।

close whatsapp