আহমেদাবাদ টেস্টের পূর্বে দলের বাসের মধ্যেই হোলি উদযাপন করল ভারতীয় দল
আপডেট করা - Mar 7, 2023 7:15 pm

নিজেদের ক্রিকেট জীবনের ব্যস্ততার কারণে খেলোয়াড়রা নিজেদের পরিবারের সঙ্গে সবসময় উৎসবগুলি উদযাপন করতে পারেননা। তবে নিজের দলও পরিবারের থেকে কোনো অংশে কম না। ভারতীয় দল এই মুহূর্তে আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির অন্তিম টেস্টের জন্য তৈরি হচ্ছে। বৃহস্পতিবার, ৯ই মার্চ থেকে চতুর্থ টেস্টটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে।
সিরিজ নির্ধারণকারী টেস্টের আগে রঙের উৎসব হোলির দিন দলের বাসেই এই উৎসবকে উদযাপন করলেন ভারতীয় দলের খেলোয়াড়রা। শুভমন গিল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন যেখানে ভারতীয় দলের খেলোয়াড়দের নাচতে, গান করতে এবং ছবি তুলতে দেখা যাচ্ছে। প্রত্যেক খেলোয়াড়ই হোলির রঙে একেবারে রঙিন হয়ে ছিলেন। এই ভিডিওতে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সতীর্থদের সাথে হোলি উদযাপন করতে দেখা যায়। শুধু তাই নয়, এই দুই অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে নাচতেও দেখা গেছে। শুভমন গিল হোলির জন্য খুব জনপ্রিয় ‘রং বর্ষে’ গানটি ভিডিওতে যোগ করেছিলেন।
Team India playing Holi in Bus
Subhman Gill & Virat Kohli & Rohit Sharma Trio 😍#HappyHoli #RohitSharma#ViratKohli#WPL pic.twitter.com/MMhrGFCVEr— Aman Raina (@ImRaina45) March 7, 2023
চতুর্থ টেস্টের জন্য তৈরি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া
দিল্লি এবং নাগপুরে প্ৰথম দুটি টেস্ট জেতার পর তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ধরাশায়ী হয় ভারতের ব্যাটিং বিভাগ। ইন্দোরের টেস্ট জিতে ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টে কামব্যাক করতে হলে ভারতের ব্যাটিং বিভাগকে অবশ্যই নিজেদের ভুলগুলি শুধরে নিতে হবে। প্ৰথম টেস্টে সেঞ্চুরি করার পর থেকে অধিনায়ক রোহিত শর্মাও ব্যাটেও তেমন রান আসেনি।
শুভমন গিল তৃতীয় টেস্টে কেএল রাহুলের জায়গায় দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু সেই সুযোগকে খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি এই তরুণ ওপেনিং ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারার ব্যাট থেকেই তৃতীয় টেস্টে ভালো রান এসেছিল। তিনি অবশ্যই নিজের ফর্মকে অন্তিম টেস্টেও বজায় রাখতে চাইবেন।
অন্যদিকে তৃতীয় টেস্টের প্ৰথম ইনিংসে ৫টি উইকেট নেওয়া অস্ট্রেলীয় স্পিনার ম্যাথিউ কুহনিম্যান আহমেদাবাদের পিচে স্পিনের জন্য যে সুবিধা রয়েছে তাকে ভালোভাবে কাজে লাগাতে চাইবেন। আগের টেস্টে অস্ট্রেলীয় ব্যাটসম্যান উসমান খাওয়াজা এবং ট্রাভিস হেডকে ব্যাট হাতে ভালো ফর্মে দেখা গেছে। শেষ টেস্ট জিতে নিয়ে অস্ট্রেলিয়া দল অবশ্যই বর্ডার-গাভাস্কার ট্রফি ড্র করতে চাইবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য শেষ টেস্ট জেতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।