ডাব্লুউপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টাসকে পরাজিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai Indians
Mumbai Indians (Image Source: WPL)

ডাব্লুউপিএলের উদ্বোধনী ম্যাচে বড়ো জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। হারমানপ্রিত কউরের মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া বড়ো টার্গেটের সামনে হারতে হলো বেথ মুনির গুজরাট জায়ান্টাসকে। গুজরাটের  ইনিংস ১৫.১ ওভারে মাত্র ৬৪ রানে শেষ হয়ে গেল। প্রথম ম্যাচে ১৪৩ রানে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।

টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইয়াস্তিকা ভাটিয়ার উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি মাত্র ৮ বলে ১ রান করে তনুজা কানওয়ারের বলের শিকার হন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরবোর্ড থেমে থাকেনি। এক ওপেনার অসফল হলেও আরেক ওপেনার হেইলি ম্যাথুস ৩১ বলে ৪৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। ন্যাট সাইভার-ব্রান্ট ১৮ বলে ২৩ রান করেন। তারপরে ক্রিজে আসেন অধিনায়ক হারমানপ্রিত কউর। তিনি ক্রিজে আসার পর মাঠে বাউন্ডারির ঝড় ওঠে। মাত্র ৩০ বলে ৬৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে কোনো ছয় না এলেও তিনি ১৪টি চারের মাধ্যমেই স্কোরবোর্ডকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যান।

তবে হারমানপ্রিতের পাশাপাশি অ্যামেলিয়া কেরও একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ২৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসের হাত ধরেই ২০০ রানের গন্ডি পার করে মুম্বাই ইন্ডিয়ান্স। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। পূজা ভাস্ত্রকারও ৮ বলে ১৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। গুজরাটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্নেহ রানা। তিনি ২টি উইকেট নেন। কিন্তু তার সাথে ৪৩ রানও দেন। ২০ ওভারের শেষে স্কোরবোর্ডে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে।

চরম ব্যাটিং বিপর্যয় ঘটলো গুজরাট জায়ান্টাসের

২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বেথ মুনির গুজরাট জায়ান্টাস। মাত্র ৩ বল খেলেই চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুনি। ওপেনার সাব্বিনেনি মেঘনা ৪ বলে মাত্র ২ রান করে ন্যাট সাইভার-ব্রান্টের শিকার হন। হারলিন দেওল এবং অ্যাশলে গার্ডনার দুজনেই ০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দয়ালান হেমলথা বাদে গুজরাটের কোনো ব্যাটসম্যানই ১০ রানের ওপরে যেতে পারেনি। তিনি ২৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে সফল বোলার ছিলেন সাইকা ইশাক। তিনি ৩.১ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়াও ন্যাট সাইভার-ব্রান্ট এবং অ্যামেলিয়া কের ২টি করে উইকেট নেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হারমানপ্রিত কউর। এই জয় আগামী ম্যাচের জন্য অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে আত্মবিশ্বাস যোগাবে।

ডাব্লুউপিএলের প্রথম ম্যাচের ব্যাপারে টুইটারে অনেকে নিজের মতামত জানিয়েছেন-

https://twitter.com/Jawahar16827769/status/1632071018763415553?t=btakluNTA3dUeU4_FB9qGA&s=19

 

close whatsapp