“এই ধরনের পিচে টেস্ট ম্যাচ খেলার মানে কী?” – ভারতের হারে ক্ষুব্ধ সাবা করিম
ভারতের স্পিনিং ট্র্যাকে তিন দিনের বেশী ম্যাচ এগোচ্ছে না
আপডেট করা - Mar 3, 2023 12:55 pm

প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সাবা করিম সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে ব্যবহৃত হওয়া পিচের মান নিয়ে তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে ভারত শুধুমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি) ফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য ঘরের মাঠের টেস্টে ঘূর্ণি পিচ প্রস্তুত করেছে।
করিম মনে করেন যে এমন পিচ তৈরী করা সঠিক নাও হতে পারে। তাঁর মতে এই জাতীয় জিনিসগুলির কারণে টেস্ট ক্রিকেটের আসল ছন্দ হারিয়ে গেছে। প্রাক্তন ক্রিকেটার আরও উল্লেখ করেছেন যে সিরিজটি বিশ্ব ক্রিকেটের দুই শীর্ষ দলের মধ্যে, কিন্তু পিচের মান ভালো প্রতিযোগিতার সুযোগ দেয়নি।
“অস্ট্রেলিয়ার কাছে স্টিভ স্মিথ এবং ভারতের বিরাট কোহলি আছে, যারা তর্কাতীতভাবে বিশ্ব ক্রিকেটের সেরা দুই ব্যাটার। কিন্তু আমরা এই সিরিজে তাদের ব্যাটিং দেখতে পাইনি। এই ধরনের উইকেট বানিয়ে আমরা কী প্রমাণ করার চেষ্টা করছি? ডব্লিউটিসি ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের জন্য মরিয়া হয়ে আমরা টেস্ট ক্রিকেটের ছন্দ হারিয়ে ফেলেছি,” ইন্ডিয়া নিউজ স্পোর্টসে সাবা করিম মন্তব্য করেছেন।
“আমাদের এখানে ১ ও ২ নম্বর দল প্রতিদ্বন্দ্বিতা করছে। টেস্ট ক্রিকেটের সব দিকে ফোকাস করে প্রতিযোগিতাটি হলে তাদের খেলা দেখতে পাওয়া আনন্দের হত,” যোগ করেছেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার।
এই ধরণের পিচ টেস্ট ক্রিকেটের জন্য খুব খারাপ লক্ষণ: সাবা করিম
উল্লেখ্য, অনেক ফ্যান ও ক্রিকেট বিশেষজ্ঞরা ইন্দোরের পিচের সমালোচনা করেছেন। সিরিজের সাম্প্রতিক ম্যাচটি তৃতীয় দিনের সকালের সেশনেই শেষ হয় এবং অস্ট্রেলিয়া নয় উইকেটে জিতেছে। সাবা করিম আরও বলেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে আয়োজক দলগুলি যাতে পিচের অন্যায্য সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে পদক্ষেপ নিতে হবে।
তিনি মনে করেন যে এই ধরণের ট্র্যাকে খেলে কেউ লাভবান হবে না। ৫৫ বছর বয়সী করিম আরও বলেছেন যে যদি স্বাগতিক দেশগুলি এই জাতীয় পিচ প্রস্তুত করতে থাকে তবে টেস্ট ম্যাচগুলি দ্বিতীয় দিনের বেশী এগোবে না।
“এগুলি টেস্ট ক্রিকেটের জন্য খুব খারাপ লক্ষণ। এই ধরনের পিচে টেস্ট ম্যাচ খেলার মানে কী? আমি মনে করি সব ক্রিকেট বোর্ড এবং আইসিসির অবশ্যই এই বিষয়ে কিছু করা উচিৎ, না হলে সমস্ত দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ঘরের মাঠে তাদের শক্তি অনুযায়ী পিচ প্রস্তুত করবে। আমরা দেখব অস্ট্রেলিয়া প্রায় ৫ মিমি ঘাস রাখবে, এবং ম্যাচটি দেড় দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ভারতেও উইকেটের কারণে ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে,” শেষে বলেছেন সাবা করিম।
ভারতীয় দল ইন্দোরে টার্নিং ট্র্যাকে সমস্যায় পড়েছিল, এবং দুই ইনিংসে যথাক্রমে ১০৯ ও ১৬৩ রানে অল আউট হয়ে গিয়েছে। প্রথম দুটি ম্যাচে ভারত জেতায় বর্ডার-গাভাস্কার ট্রফি ইতোমধ্যেই দখলে রেখেছে।