দ্বিতীয় দিনে ম্যাচে ভারতীয় দলের অসাধারণ কামব্যাক
আপডেট করা - Mar 2, 2023 8:02 pm

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম দিনের খেলায় কেউ খুশি ছিলেন না। ব্যাটিংয়ে কেউ তেমন কিছু করতে পারেননি এবং বোলিংয়ে জাদেজা কেউ কোনো উইকেটও পাননি। আজ দ্বিতীয় দিনের খেলার উপর ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করছিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই কামব্যাক করে ভারতীয় দল এখন কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। গতকালের ৪ উইকেটে ১৫৬ রানের পর আজ মাত্র ১৯৭ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।
প্রথম দিন ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর সকলেই বেশ চিন্তায় ছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বিরাট কোহলির ২২ রান। দলের টপ অর্ডার এবং মিডিল অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল। তার উপরে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ ভালোই হয়েছিল। ট্রাভিস হেডের উইকেট তাড়াতাড়ি পেলেও উসমান খাওয়াজা এবং মার্নাস ল্যাবুসেনের মধ্যে ৯৬ রানের পার্টনারশিপ হয়। খাওয়াজার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংস। যার ফলে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ১৫৬।
অশ্বিন এবং উমেশের বোলিংয়ের সামনে ধরাশায়ী অস্ট্রেলিয়া
তবে দ্বিতীয় দিনের শুরুতে ভারত ঘুরে দাঁড়ায়। অশ্বিন এবং উমেশ যাদবের অসাধারণ স্পেলের সামনে দ্বিতীয় দিনে মাত্র ৪১ রানই করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। শুরুতে জাদেজা, অক্ষর এবং সিরাজের ওভারগুলি সামলে নিলেও অশ্বিন এবং উমেশ বলে আসতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নড়বড়ে হয়ে পড়ে। একের পর এক উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধসিয়ে দেয় ভারতীয় দল। অশ্বিন এবং উমেশ মিলে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ৪৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। অন্যদিকে উমেশ যাদব মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। তবে এই ইনিংসে ভারতের সবচেয়ে সফল বোলার রবীন্দ্র জাদেজা। তিনি ৭৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়া ভারতের সামনে ৮৮ রানের লিড রাখে। ভারতের স্কোর এই মুহূর্তে ০ উইকেটে ১৩ রান। ক্রিজে এই মুহূর্তে রয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। প্রথম ইনিংসের ভুলগুলো শুধরে নিয়েই দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিংয়ে নেমেছে বলে আশা করা যায়। এই পিচে ব্যাটিং করা যে কতোটা কঠিন সেটা দুই দল ইতিমধ্যেই বুঝে গেছে। ভারতকে স্কোরবোর্ডে ভালো রান তোলার জন্য খুবই বুঝেশুনে উইকেট বাঁচিয়ে ব্যাটিং করতে হবে। নাহলে এই ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে চলে যাবে।