জাদেজার নো বলে হাতছাড়া হলো ল্যাবুসেনের উইকেট
আপডেট করা - Mar 2, 2023 7:13 pm

(Image Source: Disney+Hotstar)
ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণে স্কোরবোর্ডে মাত্র ১০৯ রান তুলতে পেরেছে ভারত। সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি ৫২ বলে ২২ রান এবং শুভমন গিল ১৮ বলে ২১ রান করেন। বাকি কেউই ২০ রানের গন্ডি টপকাতে পারেনি। এই ম্যাচে ফিরতে হলে ভারতের স্পিনাররাই ভরসা সেটা প্রথম ইনিংসে অস্ট্রেলীয় স্পিনারদের বোলিং দেখেই বোঝা গেছে। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও রবীন্দ্র জাদেজার কাছে বোলিংয়ের মাধ্যমে দলকে ম্যাচে ফেরানোর সুযোগ রয়েছে। সেই সুযোগ পেলেও তিনি প্রথমবারেই সেই সুযোগ হাতছাড়া করেন।
মার্নাস ল্যাবুসেনকে চতুর্থ ওভারের প্রথম বলেই বোল্ড করার পরেও নো বলের কারণে সেই আউট বাতিল হয়। দাগের বাইরে পা রাখার দাম এবার জাদেজা এবং বাকিদের কতোটা দিতে হয় সেটাই দেখার। তবে স্কোরবোর্ডে এতো কম রান থাকার পরেও এরকম ভুল কোনো দলের থেকেই আশা করা যায় না। আর এই উইকেট যে সে কোনো ব্যাটসম্যানের নয়। এই উইকেট হল বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের। দলে ডেভিড ওয়ার্নার না থাকার কারণে অস্ট্রেলিয়ার টপ অর্ডার এমনই একটু সমস্যায় ছিল। তাই ল্যাবুসেন এবং স্মিথদের উপর বাড়তি দায়িত্ব রয়েছে। ল্যাবুসেনের উইকেট শুরুতেই পেয়ে গেলে ভারতীয় দল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করতে পারতো। কিন্তু জাদেজার নো বলের জন্য ভারত সেই সুযোগ হাতছাড়া করে ফেলেছে।
একই ভুল ফের করলেন জাদেজা
তবে নো বলের কারণে উইকেট বাতিল হওয়ার ঘটনা জাদেজার সঙ্গে এর আগেও ঘটেছে। দ্বিতীয় টেস্টে জাদেজার বলে প্যাট কামিন্স মিড উইকেটে ক্যাচ দেওয়ার পরেও নো বলের কারণে আউট হওয়া থেকে রেহাই পেয়েছিলেন। জাদেজার মতো এতো অভিজ্ঞ খেলোয়াড়ের তরফ থেকে পরপর দুই টেস্টে একই ভুল দলের জন্য অবশ্যই একটি চিন্তার বিষয়। কারণ এই উইকেট ম্যাচের রূপ বদলে দিতে পারতো।এই মুহূর্তে ম্যাচের লাগাম পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। ইতিমধ্যেই ১০০ রানের গন্ডি পাড় করে ফেলেছে তারা। এখনও অবধি মাত্র একটাই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ৬ বলে ৯ রান করে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। আরেক ওপেনার উসমান খাওয়াজা নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন। অন্যদিকে ল্যাবুসেনও ৩০ রানের সাথে এখনও ক্রিজে টিকে রয়েছেন। খুব তাড়াতাড়ি উইকেট না ফেলতে পারলে ভারতের পক্ষে এই ম্যাচে ফেরা কঠিন হয়ে যাবে।