নাগপুর ও দিল্লি টেস্টের পিচের রিপোর্ট প্রকাশ করল আইসিসি
আপডেট করা - Feb 24, 2023 12:09 pm

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকেই অজি শিবিরের আলোচনার কেন্দ্রে ছিল পিচ। ভারতের পিচ নিয়ে প্রথম থেকেই খানিকটা সংশয়ের কতা শোনা গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মুখে। ইতিমধ্যে দুটো টেস্ট হয়ে গিয়েছে। নাগপুর এবং দিল্লিতে দুটো টেস্টেই ভারতের কাছে শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। সেই দুই পিচেরই রিপোর্ট প্রকাশ করল ক্রিকেটের সরক্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। নাগপুর এবং দিল্লির পিচকে অ্যাভারেজ তকমা দিল আইসিসি। নাগপুর পিচ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অভিযোগ তুললেও তাঁকে একেবারে খোলার অনুপযোগী বলতে নারাজ আইসিসি।
নাগপুর এবং দিল্লি দুই জায়গাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশেষ করে নাগপুরের পিচে ভারতীয় দলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। প্রথম ম্যাচে ভারতের কাছে এক ইনিংস ও ১৩২ রানে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় স্পিনারদের সামনে সেই ম্যাচে মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। ম্যাচ শেষের পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তো বটেই, প্রাক্তন অজি ক্রিকেটাররাও সরব হয়েছিলেন নাগপুরের পিচ নিয়ে।
নাগপুর এবং দিল্লি দুই জায়গাতেই আড়াই দিনে শেষ হয়েছিল ম্যাচ
নাাগপুরে আড়াই দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনই কার্যত অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন। প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি একাই তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। ১০০ রানেরক গন্ডীও টপকাতে পারেননি তারা। এমন ম্যাচ হওয়ার পর থেকেই নাগপুরের পিচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। অপেক্ষা ছিল নাগপুরের পিচকে আইসিসি কী রেটিং দেয়।
শুক্রবারই নাগপুর ও দিল্লির পিচের রিপোর্ট প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ রেফারির রিপোর্ট জমা দেওয়ার ভিত্তিতেই আইসিসি নিজেদের মত জানিয়ে দিয়েছে। সেখানেই নাগপুর এবং দিল্লি দুই জায়গার পিচকেই অ্যাভারেজ তকমা দেওয়া হয়েছে। নাগপুরের পিচ র্যাঙ্ক টার্নার হয়েছে বলেই সকলে দাবী তুলতে শুরু করেছিলেন। কিন্তু সেই পিচ যে খেলার অযোগ্য ছিল, তা মানতে নারাজ আইসিসি। এই পিচকে অ্যাভারেজ তকমা দেওয়াতেই তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।
অন্যদিকে নাগপুরের পাশাপাশি দিল্লি টেস্টও আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল। সেখানেও য়ে স্পিনের দাপট ছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এই পিচ নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে সেভাবে অভিযোগ কিংবা বিতর্ক দেখা যায়নি। দুই পিচকেই আইসিসি অ্যাভারেজ তকমাই দিলেন। আগামী ১ মার্চ থেকে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।