মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: কবে কোন দলের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

১২ই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত

India Women's Team
India Women’s Team. (Photo Source: Twitter)

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দশটি দল ট্রফি জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবে। ভারতীয় দল গত সংস্করণে টুর্নামেন্ট জয়ের খুব কাছাকাছি এসেছিল কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এইবারে উইমেন ইন ব্লু আশা করবে আরও এক ধাপ এগোতে।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দল অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণ জিতেছে যা আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই। সেই জয় থেকে হরমনপ্রীত কউর ও তাঁর সতীর্থরা অনুপ্রেরণা নিতে পারেন। দশটি দল দুটি গ্রুপে বিভক্ত যেখানে প্রতি গ্রুপে পাঁচটি দল থাকবে। পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে ভারত। ভারতীয়রা তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

গ্রুপ পর্বে ভারতীয় দলের ম্যাচগুলির দিকে নজর রাখুন

ভারত বনাম পাকিস্তান

ভারতীয়রা ১২ই ফেব্রুয়ারি, কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০২২ এশিয়া কাপে যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখন প্রতিবেশী দেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৫ই ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলের মুখোমুখি হবে। এই ম্যাচটিও নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুইবার মুখোমুখি হয়েছিল এবং দুই ক্ষেত্রেই জয়ী হয়েছিল ভারত।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত তাদের অভিযানের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে। দুই দল গ্‌কেবেরহার সেন্ট জর্জ’স পার্কে ১৮ই ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে। ইংল্যান্ডের মাঠে দুই দল গত বছরের সেপ্টেম্বরে একটি টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল এবং সফরকারী দল ভারত ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল।

ভারত বনাম আয়ারল্যান্ড

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি সেন্ট জর্জ’স পার্কে ২০শে ফেব্রুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিরুদ্ধে তাদের শেষ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল, ফলে ভারতকে সতর্ক থাকতে হবে।

গ্রুপের প্রথম দুটি দলের মধ্যে থাকলে ভারতীয় দল সেমি-ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। প্রথম সেমি-ফাইনাল ২৩শে ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ২৪শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উভয় ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ শুরু হবে।

close whatsapp