বিশ্বকাপের পরে ওডিআই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া
ওডিআই বিশ্বকাপের পরে রোহিত শর্মার বেশী দিন খেলার সম্ভাবনা নেই
আপডেট করা - Jan 19, 2023 7:11 pm

ভারতীয় দল ২০২৩-এর শুরুটা সফলভাবে শুরু করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজে জয়ের পরে মেন ইন ব্লু নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের অভিযান শুরু করেছে। মেন ইন ব্লু ওডিআই বিশ্বকাপের বছরে সাফল্য পেয়ে শুরু করলেও অধিনায়ক হিসাবে রোহিত শর্মার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অধিনায়কত্ব নেওয়ার পর থেকে ওপেনিং ব্যাটার ভারতের বেশীরভাগ ম্যাচ খেলতে পারেননি। তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ দলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে সেমি-ফাইনালেই বিদায় নিয়েছিল ভারত। সাম্প্রতিক কালে ম্যানেজমেন্টও অধিনায়কত্বের বিকল্পগুলি ভেবে দেখছে এবং হার্দিক পান্ডিয়াকে বেশ কয়েকটি সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্বকাপের পরে হার্দিক নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের নেতৃত্ব দিয়েছেন এবং উভয় টি-টোয়েন্টি সিরিজেই ভারতকে জিতিয়েছিলেন তিনি। এমনকি কেএল রাহুল স্কোয়াডে থাকা সত্ত্বেও, হার্দিককে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রোহিত শর্মার সহকারী হিসেবে মনোনীত করা হয়েছিল। এবং এখন, বেশ কিছু প্রতিবেদন অনুসারে, ওয়ানডেতে রোহিতের জায়গায় পান্ডিয়াকে পুরো সময়ের অধিনায়ক হিসাবে দেখছে বিসিসিআই।
যদিও কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ২০২৪ সালের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে হার্দিকের এবং ২০২৩ বিশ্বকাপের পরে ওডিআই নেতৃত্বর দায়িত্বও তাঁর কাঁধে আসতে পারে।
হার্দিকের চেয়ে ভালো বিকল্প আর নেই: বিসিসিআই কর্মকর্তা
“রোহিত এই বছর বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কিন্তু পরে কী হবে তা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কখন কী ঘটবে তার জন্য অপেক্ষা করে, তারপরে প্রতিক্রিয়া দেখানো যায় না। ২০২৩ বিশ্বকাপের পরে যদি রোহিত ওয়ানডে ফর্ম্যাট বা অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আমাদের একটি পরিকল্পনা করা দরকার,” বোর্ডের একজন সিনিয়র আধিকারিক নিউজ১৮ ক্রিকেটনেক্সটকে বলেছেন।
অধিনায়ক হিসাবে হার্দিকের খ্যাতি বিগত এক বছরে অনেকটাই বেড়েছে। ওডিআই ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে রোহিতকে প্রতিস্থাপন করার জন্য তিনিই সবচেয়ে এগিয়ে। ২০২২-এ তাদের প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুমে গুজরাত টাইটান্সের হয়ে একজন অধিনায়ক হিসাবে তাঁর কৃতিত্বের জন্য অলরাউন্ডার ইতিমধ্যেই সুনাম তৈরি করেছেন। ভারতের হয়ে সম্প্রতি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত কাজ করেছেন হার্দিক।
“হার্দিক অধিনায়ক হিসেবে ভালো করছে। তিনি অল্প বয়স্ক এবং আরও উন্নত হবেন। আপাতত, রোহিতের পরে দেখার জন্য হার্দিকের চেয়ে ভালো বিকল্প আর নেই। তাকে অবশ্যই সমর্থন করতে হবে এবং দীর্ঘ ও ধারাবাহিক সুযোগ দিতে হবে,” কর্মকর্তা যোগ করেছেন।