ভারত বনাম শ্রীলঙ্কা: তৃতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারতীয় দল
আপডেট করা - Jan 14, 2023 7:08 pm

১৫ই জানুয়ারি, রবিবার, তৃতীয় ওডিআইয়ের জন্য তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এবং শ্রীলঙ্কা শেষবারের মতো মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেটে জয়ের পর মেন ইন ব্লু ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ দখলে নিয়েছে।
২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানের কমেই অল আউট হয়ে যাওয়া পরে ভারতীয় ব্যাটিংকে টানেন কেএল রাহুল। ৬৪* রানের ইনিংস খেলে দলকে লক্ষ্য অবধি এগিয়ে নিয়ে উইকেটকিপার-ব্যাটার। তার আগে বোলিংয়ে নজর কাড়েন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অসামান্য ছন্দে শুরু করেও মাঝপথে খেই হারায়। অভিষেক হওয়া ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো (৬৩ বলে ৫০) ও কুসাল মেন্ডিস (৩৪ বলে ৩৪) দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেও ১০২/২ থেকে ২১৫ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার নেতৃত্বাধীন দল।
পিচ কন্ডিশন
এই মাঠে আয়োজিত একমাত্র ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। তৃতীয় ওডিআইতেও খুব বেশী রান ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শিশিরের প্রভাব না থাকলেও টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
উভয় দলের কম্বিনেশন
ভারত
সিরিজ জিতে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষার দিকে এগোতে পারে ভারতীয় দল। বিশ্রাম পেতে পারেন শুবমান গিল ও বিরাট কোহলি। এই দুই ব্যাটারের জায়গা নিতে পারেন ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। এই সিরিজে এখনও অবধি একটি ম্যাচেও সুযোগ না পাওয়া ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। দুটি ওডিআইয়ে বিশেষ ছাপ না ফেলা মহম্মদ শামির জায়গায় দলে নেওয়া হতে পারে আর্শদীপ সিংকে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, উমরান মালিক, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা
ডান হাতে চোট পাওয়া দিলশান মাদুশাঙ্কার তৃতীয় ম্যাচেও খেলার সম্ভাবনা প্রায় নেই। দ্বিতীয় ওডিআইতে চোটের কারণে খেলতে না পারা পাথুম নিসাঙ্কা ফিরে আসতে পারেন। স্পিনার হিসেবে তরুণ দুনিথ ওয়েল্লালাগের জায়গায় আসতে পারেন মাহীষ থিকশানা। একজন পেসার কমিয়ে অলরাউন্ডার আশেন বান্দারাকে দলে এনে ব্যাটিং গভীরতা বাড়াতে পারে শ্রীলঙ্কা।
সম্ভাব্য একাদশ: নুয়ানিদু ফার্নান্ডো, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহীষ থিকশানা, লাহিরু কুমারা।
ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড
ম্যাচ – ১৬৪ | ভারত – ৯৫ | শ্রীলঙ্কা – ৫৭ | অমীমাংসিত – ১১ | টাই – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১৫ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার