“বাংলাদেশে যা ঘটেছে তা কখনই ভুলে যাওয়া উচিৎ নয়” – সাবধানবাণী গম্ভীরের
ব্যক্তিগত সাফল্যর চেয়ে দলগত পারফর্ম্যান্সকে অধিক গুরুত্ব দিতে বলেছেন প্রাক্তন ওপেনার
আপডেট করা - Jan 14, 2023 2:51 pm

ভারতের প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর ভারতীয় দলের উদ্দেশ্যে একটি কড়া সতর্কবাণী জারি করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তিগত প্রতিভায় ভরসা না করে দলগত পারফর্ম্যান্সের দিকে নজর দেওয়া উচিৎ। কারণ হিসেবে তিনি বাংলাদেশের কাছে সাম্প্রতিক ওডিআই সিরিজে হারার উদাহরণ তুলে ধরেন।
বিরাট কোহলির ফর্মে ফেরা নিয়ে আলোচনার চলাকালীন গম্ভীরের এই বার্তা তাৎপর্যপূর্ণ। ১২ই জানুয়ারি দ্বিতীয় ওডিআই চলাকালীন, স্টার স্পোর্টসে সহ-ধারাভাষ্যকার এবং প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে একটি মিড-ম্যাচ শোতে আলোচনা করার সময় ৪১ বছর বয়সী প্রাক্তন খেলোয়াড় বিরাট কোহলির সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে আলোচনার সময় স্পষ্টভাবে তাঁর মনোভাব প্রকাশ করেছেন।
আমরা বাংলাদেশের ওয়ানডে সিরিজের কথা ভুলে গেছি: গৌতম গম্ভীর
“আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে ভারত তাদের শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরেছে। আমরা এটা ভুলে গেছি। হ্যাঁ, ব্যক্তিগত প্রতিভা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত শতরান গুরুত্বপূর্ণ, আপনার রেকর্ডের ক্ষেত্রে এটি খুবই সুন্দর দেখায় যে আপনার ৫০টি বা ১০০টি সেঞ্চুরি রয়েছে। কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা আপনার কখনই ভুলে যাওয়া উচিৎ নয়। কারণ সেই সিরিজটি একটি বিশাল শিক্ষা হওয়া উচিৎ।
“পূর্ণ শক্তির ভারতীয় দল বাংলাদেশের কাছে হেরেছে। আমি মনে করি সেই সিরিজ থেকে আমাদের উন্নত হওয়া উচিৎ শুধুমাত্র এই সিরিজে মনোযোগ না দিয়ে। অতীতে যা ঘটেছে তা ভুলে যাওয়া উচিৎ নয়,” প্রাক্তন ওপেনার বলেছেন।
প্রথম ওডিআইয়ে সেঞ্চুরির পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে লাহিরু কুমারার ডেলিভারিতে বোল্ড হয়ে কোহলি ৪ রানে আউট হয়েছিলেন। এশিয়া কাপ ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির খরা কাটানোর পরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওডিআই এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকান ৩৪ বছর বয়সী ব্যাটার।
টিম ইন্ডিয়া ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে এবং ১৫ই জানুয়ারি, রবিবার, থিরুভানান্থাপুরমে সিরিজ হোয়াইটওয়াশের দিকে নজর রাখবে। সিরিজ দখলে নেওয়ার পরে ভারতীয় দল চাইবে তাদের একাদশে কিছু পরিবর্তন এনে নির্দিষ্ট পরীক্ষানিরীক্ষা করতে।