ওয়েডের ব্যাটিং মনে করাল হাসির ২০১০-এর ইনিংস
আপডেট করা - Nov 12, 2021 5:54 pm

মাঝে ১১টা বছর, শুধু স্থান আর ব্যাটার বদলে গেল। কিন্তু প্রতিপক্ষ এক, প্রেক্ষাপটও এক। ২০১০ সালে টি ২০ বিশ্বকাপে মাইক হাসির বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। এবারেও ম্যাথু হেডের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, টি২০ বিশ্বকাপের ফাইনালে এই প্রথম উঠল অস্ট্রেলিয়া।
২০১০ সালেও পাকিস্তান আগে ব্যাট করে ১৯১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। কিন্তু ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন মাইক হাসি। এবারেও একই অবস্থা হয়েছিল। অস্ট্রেলিয়ার ৩০ বলে ৬২ রান প্রয়োজন ছিল। এই রানটা করা মোটেও সহজ ছিল না। কিন্তু সেই জায়গা থেকে ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। সৌজন্যে ওয়েডের ১৭ বলে ৪১ রানের ইনিংস। এই ইনিংসে চারটি ছয় এবং দু’টি চার মারেন ওয়েড।
প্রসঙ্গত, পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেও সেমিফাইনালে ম্যাচের শেষ পাঁচ ওভার খারাপ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিল পাকিস্তান। অন্যদিকে, ম্যাথু ওয়েড (১৭ বলে ৪১ রান অপরাজিত), মার্কস স্টোয়নিস (৩১ বলে ৪০ অপরাজিত শেষের দিকে অনবদ্য ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেলেন। ওয়ানডে বিশ্বকাপ পাঁচবার জিতলেও একবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। সেই কলঙ্ক ঘোচালেন ম্যাথু ওয়েড। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।
আজই পরিষ্কার হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। এর আগে এই দুই দেশ চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাকা কখনও ফাইনালেই ওঠেনি। জয়ের জন্য ১৭৭ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একটা সময় ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়েছিল। শাদাব খান, শাহিন আফ্রিদিদের বলে তখন যেন আগুন ঝরছে। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৮১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনলেন ওয়েড-স্টোয়নিস। ১৯তম ওভারে শাহিদ আফ্রিদির শেষ তিনটি বলে ম্যাথু ওয়েড পরপর তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনেন।