এই দুই খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াডে চান না শ্রীকান্ত

ওডিআই বিশ্বকাপের কথা ভেবে বিসিসিআই কুড়িজন খেলোয়াড়ের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরী করেছে

Kris Srikkanth
Kris Srikkanth. (Photo Source: Twitter)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ১৯৮৩ বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারী শ্রীকান্ত এমন দুজন বড় খেলোয়াড়ের নাম বলেছেন যাঁদের তিনি ভারতের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডের অংশ হিসেবে দেখতে চান না। সম্প্রতি, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০জন খেলোয়াড়ের সমন্বয়ে একটি সম্ভাব্য তালিকা তৈরী করেছে।

সর্বোচ্চ ক্রিকেট বোর্ড চায় ম্যানেজমেন্ট তাদের সমস্ত দ্বিপাক্ষিক সিরিজে মূলত এই কুড়িজন খেলোয়াড়কেই খেলাক যাতে একটি ‘কোর টিম’ পাওয়া যায়। স্টার স্পোর্টসের সঙ্গে একটি কথোপকথনে প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত সম্ভাব্য তালিকা সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। তাঁর মতে শুবমান গিল ও শার্দূল ঠাকুরকে এই তালিকার বাইরে রাখা উচিত।

“দুইজন খেলোয়াড় আমার তালিকায় থাকবেন না, শুবমান গিল ও শার্দূল ঠাকুর,” শ্রীকান্ত নিউজ ১৮ দ্বারা উদ্ধৃত হয়েছেন। উল্লেখ্য, পেস-বোলিং অলরাউন্ডার শার্দূল বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলেননি এবং শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৫০ ওভারের সিরিজের স্কোয়াডেও নেই তিনি।

অন্যদিকে, ওপেনার শুবমান গিল সম্প্রতি নিয়মিত সুযোগ পাচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর পরে অধিনায়ক রোহিত শর্মা বেশ কিছু সিরিজে বিশ্রাম পেয়েছেন এবং তাঁর জায়গায় খেলা গিল উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ওয়ানডে ফর্ম্যাটে এই ডান-হাতি ব্যাটার ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য অভিজ্ঞ শিখর ধাওয়ানের আগে গিলকে নির্বাচন করা হয়েছে।

চার মিডিয়াম পেসারই যথেষ্ট: কৃষ্ণমাচারী শ্রীকান্ত

কৃষ্ণমাচারী শ্রীকান্ত আরও যোগ করেছেন যে তাঁর তালিকায় চার পেসার থাকবেন এবং তিনি নির্ভর করবেন এমন খেলোয়াড়দের উপর যাঁরা এককভাবে ম্যাচ জেতাতে পারেন। দীপক হুডা জায়গা পাবেন বলে আশাবাদী প্রাক্তন ওপেনার। দীপক পার্ট-টাইম অফ-স্পিনার হিসেবে কয়েক ওভার বোলিং করতে পারবেন এবং একটি অতিরিক্ত বোলিং বিকল্প হিসেবে অবদান রাখতে সক্ষম।

“আপনি যদি মিডিয়াম পেসারদের কথা বলেন, তারা হবে – (জসপ্রিত) বুমরাহ্‌, উমরান মালিক, আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। চার মিডিয়াম পেসারই যথেষ্ট। (মহম্মদ) শামি থাকতে পারে, নাও থাকতে পারে। আমি নির্বাচকদের চেয়ারম্যান হিসেবে বলছি, ফ্যান হিসেবে নয়, আমি পরিবর্তে (দীপক) হুডাকে আনব। এবং আমি বিশ্বাস করি এই ছেলেরাই ম্যাচ জেতাবে। আপনি কী চান? আপনি ম্যাচ জিততে চান, আপনার ইউসুফ পাঠানের মতো ঘোড়া দরকার যারা আপনাকে এককভাবে ম্যাচ জেতাবে,” বলেছেন প্রাক্তন ভারতীয় নির্বাচক।

ভারত ৫০ ওভারের বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতি শুরু করবে ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ দিয়ে। উভয় দলই স্কোয়াড নিয়ে পরীক্ষা-নিরীক্ষার দিকে নজর দেবে কারণ বিশেষ কোন ভূমিকার জন্য নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে খুঁজে বের করতে চাইবে দুই দলই।

close whatsapp