মোট ৪০৫ জন ক্রিকেটার আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকাভুক্ত
আইপিএল ২০২৩ নিলাম আয়োজিত হবে ২৩শে ডিসেম্বর দুপুর ২:৩০ থেকে
আপডেট করা - Dec 13, 2022 6:44 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ আইপিএল ২০২৩ নিলামের তালিকা ঘোষণা করেছে যেখানে মোট ৪০৫জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। ২৩শে ডিসেম্বর কোচিতে মিনি-নিলামের সময় এই খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণ হবে। প্রাথমিকভাবে, মোট ৯৯১জন খেলোয়াড় নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন নগদসমৃদ্ধ লিগে খেলার জন্য। সেই তালিকা থেকে মোট ৩৬৯জন খেলোয়াড়ের নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছিল ১০টি দল দ্বারা।
এ ছাড়া সেই তালিকার বাইরে থেকে দশটি ফ্র্যাঞ্চাইজি দ্বারা ছত্রিশ জন অতিরিক্ত খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছিল। তাঁদের নামও চূড়ান্ত তালিকায় যোগ করা হয়েছে, ফলে মোট ৪০৫জন খেলোয়াড় উপস্থিত থাকবেন আইপিএল ২০২৩ নিলামে। ৪০৫জন খেলোয়াড়ের মধ্যে ২৭৩জন ভারতীয় এবং ১৩২জন বিদেশী খেলোয়াড়, যার মধ্যে ৪জন বিদেশী সহযোগী সদস্য দেশের খেলোয়াড়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা খেলোয়াড়ের সংখ্যা ১১৯, আনক্যাপড খেলোয়াড় রয়েছেন ২৮২ জন এবং বাকী চারজন সহযোগী সদস্য দেশ থেকে। সর্বাধিক ৮৭জন খেলোয়াড়ের দর পাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে সর্বোচ্চ ৩০জন খেলোয়াড় বিদেশী হতে পারবেন। সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা মূল্যের তালিকায় ১৯জন বিদেশী খেলোয়াড় রয়েছেন এবং এই তালিকায় একজন ভারতীয়ও নেই।
🚨 NEWS 🚨: TATA IPL 2023 Player Auction list announced. #TATAIPLAuction
Find all the details 🔽https://t.co/fpLNc6XSMH
— IndianPremierLeague (@IPL) December 13, 2022
সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বাধিক অর্থ নিয়ে নামছে আইপিএল নিলামে
১১জন খেলোয়াড় নিলাম তালিকায় রয়েছেন যাঁদের বেস প্রাইস ১.৫ কোটি টাকা। ১ কোটি টাকা বেস প্রাইস তালিকায় থাকা কুড়িজন ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য দুই ভারতীয় মণীশ পান্ডে এবং মায়াঙ্ক আগরওয়াল।
সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামের জন্য অবশিষ্ট অর্থ রয়েছে ২০৬.৫ কোটি টাকা। সবচেয়ে বেশী অর্থ নিয়ে নিলামে আসবে সানরাইজার্স হায়দ্রাবাদ – ৪২.২৫ কোটি টাকা। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে সবচেয়ে কম অর্থ – ৭.০৫ কোটি টাকা।
নিলামের জন্য প্রতিটি দলের কাছে গত বছর ছিল ৯০ কোটি টাকা। এবার সেই অর্থের সঙ্গে অতিরিক্ত ৫ কোটি দেওয়া হয়েছে। ২৩শে ডিসেম্বর নিলাম শুরু হবে ভারতীয় সময় দুপুর ২:৩০।