টেস্ট সিরিজ থেকে রোহিত বাদ পড়ে গেলে স্কোয়াডে আসতে পারেন অভিমন্যু ঈশ্বরন

আঙুলের চোটের কারণে রোহিত ইতিমধ্যেই তৃতীয় ওডিআই থেকে বাদ গেছেন

Abhimanyu Easwaran
Abhimanyu Easwaran. (Photo Source: Twitter)

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পাওয়ায় তিনি সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন। রিপোর্ট অনুসারে, ৩৫ বছর বয়সী ১৪ই ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে চলা টেস্ট সিরিজটি থেকেও বাদ যেতে পারেন।

দলের প্রধান কোচ, রাহুল দ্রাবিড় রোহিতের খেলা সম্পর্কে কোন আপডেট না দিলেও জানিয়েছেন যে মুম্বাইয়ের এই ক্রিকেটার মেডিক্যাল বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শর জন্য ভারতে ফিরে আসবেন। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে বলা যায় অভিমন্যু ইশ্বরন রোহিতের জায়গায় আসবেন এবং মনোনীত সহ-অধিনায়ক কেএল রাহুল দলের নেতৃত্ব দিতে পারেন।

বাংলা এবং ভারত এ-এর হয়ে ব্যাট হাতে একটি দুর্দান্ত মরসুমের পরে ইশ্বরন এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। ওপেনার প্রথম বেসরকারী টেস্টে বাংলাদেশ এ-এর বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি করেন এবং তারপর চলমান দ্বিতীয় টেস্টেও ফর্ম বজায় রেখে ২৪৮ বলে ১৫৭ রান করেন। তবে শুবমান গিল ওপেনার হিসেবে উপস্থিত থাকায় ২৭ বছর বয়সী এই ব্যাটার খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের হয়ে অভিষেক করার সুযোগ নাও পেতে পারেন।

নিয়মিত চোট উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের

ইদানীং একাধিক খেলোয়াড়ের চোটের সমস্যা ভারতীয় দলের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পেস বিভাগে ভারতের নেতা জসপ্রিত বুমরাহ্‌ ইতিমধ্যেই সিরিজ থেকে বাদ পড়েছেন এবং সম্প্রতি মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন, যা তাঁকে বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে রাখবে।

অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও সময়মতো সুস্থ হননি এবং ফলে ভারত টেস্ট সিরিজের আগে কিছুটা ব্যাকফুটে রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ২৯ বছর বয়সী সৌরভ কুমার লাল বলের সিরিজে জাডেজার পরিবর্ত হওয়ার প্রধান দাবীদার। ভারত ‘এ’-এর প্রতিনিধিত্ব করে, সৌরভ প্রথম বেসরকারী টেস্টে নয় উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’-কে ধ্বংস করেছিলেন। জানা যাচ্ছে মুকেশ কুমার বা উমরান মালিক আসতে পারেন মহম্মদ শামির পরিবর্তে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ একটি মরসুম কাটানো উমরান ২০২২ সালে তাঁর টি-২০ এবং ওডিআই অভিষেক করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ডাক পাননি। এদিকে ভারতের ঘরোয়া সার্কিটে লাল বল হাতে  চাঞ্চল্যকর ফর্মে রয়েছেন মুকেশ কুমার। ভারত এ-এর হয়ে বিহারে জন্মগ্রহণকারী এই পেসার দ্বিতীয় বেসরকারী টেস্টে বাংলাদেশ ‘এ’-এর ব্যাটিং লাইন-আপ ভেঙে দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন।

close whatsapp