“ততটা দূরের দিকে তাকাচ্ছি না” – বিশ্বকাপের কথা এখনই ভাবছেন না শুবমান গিল
২০২২-এ ওডিআই ফর্ম্যাটে ধারাবাহিকভাবে রান করছেন গিল
আপডেট করা - Nov 27, 2022 6:35 pm

২০২৩ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার আকাঙ্ক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তরুণ ওপেনার শুবমান গিল বলেছেন যে তিনি এইদিকে খুব বেশী মনোযোগ দিচ্ছেন না। তিনি যোগ করেছেন যে যে সুযোগগুলি পাবেন সেগুলিকে কাজে লাগাতে চান দলে অবদান রাখার দিকে। রবিবার হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় ওডিআইতে ওপেনার ৪২ বলে ৪৫ রান করে ভারতের হয়ে ওয়ানডেতে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন গিল।
২০১৯ সালের প্রথম দিকে গিলের ওডিআই অভিষেক হয়েছিল। ২৩ বছর বয়সী ৫০ ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে সুযোগ পেতে সক্ষম হয়েছেন ২০২২ সালে। তিনি ১১ ম্যাচে ৬২৫ রান করেছেন, যার মধ্যে একটি শতক এবং চারটি অর্ধশতক রয়েছে। এই বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজে একটি ওডিআইতে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পৌঁছতে ব্যর্থ হওয়ার পরে গিল জিম্বাবোয়েতে তাঁর প্রথম ওয়ানডে শতরান করেছিলেন।
গিল নিউ জিল্যান্ডে ওডিআই সিরিজ শুরু করেছিলেন হাফ সেঞ্চুরি মেরে। তাঁর অধিনায়ক ও ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ানের সঙ্গে ১২৪ রানের জুটি গড়েছিলেন। রবিবার হ্যামিল্টনে দ্বিতীয় ওডিআইতে বৃষ্টি বিরতি সত্ত্বেও তিনি ফর্ম বজায় রেখেছিলেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে সূর্যকুমার যাদবের সঙ্গে ৬৬ রানের পার্টনারশিপে জড়িত ছিলেন।
ঘরের মাঠে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য টপ অর্ডারের অন্যতম সম্ভাবনা হিসাবে দেখা হচ্ছে গিলকে তবে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলসহ সিনিয়র ব্যাটাররা বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দলে ফিরে আসায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে গিলকে। ওপেনারের জায়গার জন্য গিলকে প্রচুর প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে তবে তরুণ ব্যাটার বলেছেন যে তিনি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে খুব বেশি ভাবছেন না।
মূল উদ্দেশ্য হল আমি যে সুযোগগুলি পাব তার সদ্ব্যবহার করতে পারা: শুবমান গিল
“আমি আসলে ততটা দূরের দিকে তাকাচ্ছি না। এখন আমার মূল উদ্দেশ্য হল আমি যে সুযোগগুলি পাব তার সদ্ব্যবহার করতে পারা। এই সিরিজের ক্ষেত্রে, আমি এটাই করার চেষ্টা করছি। আমি বড় স্কোর করার চেষ্টা করছি এবং দলে কিছু ভালো অবদান রাখার,” ২য় ওডিআইয়ের পর হ্যামিল্টনে সংবাদ সম্মেলনে গিল বলেছেন।
গিল আরও জানিয়েছেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দেওয়া হলে নিজের দক্ষতা বিকাশে কাজ করা যেতে পারে বা ঘরোয়া ক্রিকেট খেলার জন্যও সময় বের করা যেতে পারে।
“একজন তরুণ খেলোয়াড় হিসাবে আমার মানসিকতা হল যখন আমাকে বিরতি দেওয়া হয় বা বাছাই করা হয় না, তখন আমি ঘরোয়া ক্রিকেট খেলার দিকে তাকাই। এমন নয় যে একজন ভারতীয় ক্রিকেটারকে বাছাই করা না হলে সে কয়েক সপ্তাহ ধরে বসে থাকে। তাই বিরতি একটি ভালো সুযোগ দেয় আপনার শক্তি এবং দুর্বলতা নিয়ে কাজ করার বা ঘরোয়া ক্রিকেট খেলার,” তিনি যোগ করেছেন।