এই খেলোয়াড়কে নিয়মিত ভারতীয় দলে রাখা হোক, দাবী অশ্বিনের
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন অধিনায়ক হার্দিকের প্রশংসাও করেন
আপডেট করা - Nov 25, 2022 1:26 pm

আইপিএল ২০২২-এ ব্যাট হাতে একটি দুর্দান্ত মরসুম থাকা সত্ত্বেও, সঞ্জু স্যামসনকে কখনই ভারতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয়নি। মূলত ঋষভ পান্ত ও দীনেশ কার্তিককে উইকেটকিপার-ব্যাটারের ভূমিকা দেওয়া হয়েছে। ফলে কেরালায় জন্মগ্রহণকারী এই ক্রিকেটারকে বেশীর ভাগ ক্ষেত্রেই ডাগ আউটে বসে কাটাতে হয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রথম একাদশে তাঁর সুযোগ না পাওয়া শিরোনাম হয়ে উঠেছে। এই সফরের জন্য যেখানে ভারত একটি দ্বিতীয় সারির দল পাঠিয়েছে, সেখানেও স্যামসন সুযোগ পেতে ব্যর্থ হওয়ায় ক্রিকেট প্রেমীরা সন্তুষ্ট হননি। এদিকে, ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে তিনি স্যামসনকে সমস্ত ম্যাচ খেলতে দেখতে আগ্রহী কারণ এই মুহূর্তে তাঁর ফর্ম দুর্দান্ত।
“তার (সঞ্জু স্যামসন) যা প্রতিভা, তাতে যদি সে না খেলে, সেক্ষেত্রে অবশ্যই ট্রেন্ডিং পাবে। আমি চাই সঞ্জু স্যামসন সব সুযোগ পাক। আসলে, আমি এও বলেছিলাম যে আমি তার খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছি কারণ সে এই মুহূর্তে ব্যতিক্রমী ফর্মে রয়েছে এবং দুর্দান্ত খেলছে,” অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
ধোনির স্টাইলে কঠিন প্রশ্ন সামলানোর কারণে অধিনায়ক হার্দিকের প্রশংসা করেছেন অশ্বিন
হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব সম্পর্কেও কথা বলেছেন অফ-স্পিনার এবং সঞ্জু স্যামসনকে ঘিরে যে আলোচনাটি চলছে সেটিকে পরিণতভাবে সামলানোর জন্য তিনি পান্ডিয়ার প্রশংসা করেছেন।
“হার্দিক পান্ডিয়া বলেছিল সে (স্যামসন) খুবই আকর্ষণীয় খেলোয়াড় কিন্তু যেহেতু আমরা একটি ভিন্ন কম্বিনেশন নিয়ে নেমেছি, এখনও পর্যন্ত আমরা তাকে খেলতে পারিনি। আসলে, প্রেস তাকে জিজ্ঞাসা করেছিল কেন সঞ্জু স্যামসনকে সে খেলায়নি। থালা ধোনি স্টাইলে জবাব দিয়েছিল হার্দিক পান্ডিয়া। সে বলেছে আমার রুমের দরজা সবসময় খোলা থাকবে, যেকোনো খেলোয়াড় এসে আমার সঙ্গে কথা বলতে পারে। তাকে এমন স্পষ্টতার সঙ্গে কথা বলতে দেখে খুব ভালো লেগেছিল,” অশ্বিন বলেছেন।
“আসলে, আমি জানি না সে থালা ধোনির স্টাইলে বলতে চেয়েছিল কিনা কারণ আমরা সবাই জানি হার্দিক থালা ধোনির খুব কাছাকাছি। এবং সে আগেই বলেছিল যে থালা ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছে। একটি কঠিন প্রশ্নকে সে সুন্দরভাবে পরিচালনা করেছে। তাই হার্দিককে কুর্নিশ,” ক্রিকেটার যোগ করেছেন।
স্যামসন অবশেষে ইডেন পার্কে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআইতে খেলার সুযোগ পেয়েছিলেন। ২৮ বছর বয়সী ক্রিকেটার ৩৮ বলে ৩৬ রান করেছিলেন এবং শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। ভারত ৫০ ওভারের পরে ৭ উইকেটে ৩০৬ রান তোলে।