নিউ জিল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজ এখনও ০-০
আপডেট করা - Nov 19, 2022 9:46 pm

১৮ই নভেম্বর শুক্রবার ওয়েলিংটনে প্রবল বৃষ্টির কারণে সিরিজের উদ্বোধনী ম্যাচটি ভেস্তে যাওয়ার পরে ভারত এবং নিউ জিল্যান্ড আশা করবে যে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি ন্যাচটি যেন বৃষ্টির কারণে প্রভাবিত না হয়। ২০শে নভেম্বর বে ওভালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ওয়েলিংটনের মতো জোরালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার কেএল রাহুল, তারকা ব্যাটার বিরাট কোহলির পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়দের অনুপস্থিতিতে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দল মোকাবিলা করবে পূর্ণ শক্তির কিউয়িদের। নিউ জিল্যান্ডের কঠিন পরিস্থিতিতে বেশ কিছু নতুন মুখকে খেলতে দেখা যাবে।
এদিকে, কিউইরা ভারতের বিরুদ্ধে তাদের বিগত ঘরের মাঠের সিরিজে ৫-০ ব্যবধানে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য রাখবে। টি-২০ বিশ্বকাপে যে স্কোয়াড নিয়ে তারা নেমেছিল, সেই স্কোয়াডের মাত্র দুজন আসন্ন সিরিজে অনুপস্থিত থাকবেন।
পিচ কন্ডিশন
মাউন্ট মাউঙ্গানুইয়ের বাউন্ডারি ছোট হলেও পিচ খুব বেশী ব্যাটিং-বান্ধব হবে না বলেই আশা করা যায়। ম্যাচ যত এগোবে, পিচ তত মন্থর হবে। ফলে প্রথমে ব্যাটিংয়ের কথা ভাবতে পারেন টসজয়ী দল। ১৭০-এর কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা।
উভয় দলের কম্বিনেশন
নিউ জিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে শুরু করলেও সুপার ১২ পর্বের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে প্রথম হোঁচট খায় নিউ জিল্যান্ড। এরপর সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার কারণে টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। কেন উইলিয়ামসনের ফর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিল এই সিরিজে সুযোগ পাননি।
সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, জেমস নিশ্যাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিল্ন, লকি ফার্গুসন।
ভারত
ভবিষ্যতের অধিনায়ক হিসাবে চিহ্নিত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল নির্ভীক ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে নামতে প্রস্তুত। ওপেনার হিসেবে দেখা যেতে পারে আগ্রাসী ঋষভ পান্তকে। এক্সপ্রেস পেসার উমরান মালিকেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা। টি-২০ অভিষেক হতে পারে শুবমান গিলের।
সম্ভাব্য একাদশ: ঋষভ পান্ত (উইকেটকিপার), শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড
ম্যাচ – ২২ | নিউ জিল্যান্ড – ৯ | ভারত – ১১ | অমীমাংসিত – ২
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ২০শে নভেম্বর, ভারতীয় সময় দুপুর ১২:০০
টিভি – ডিডি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম